যুবলীগ নেতা রফিকুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে যুবলীগ নেতা রফিকুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার কালো পতাকা নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে উপজেলা যুবলীগ।
এদিকে, হত্যা মামলাটি গতকাল গাজীপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় সকালে ওই সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি মো. হিরু মিয়া। রফিকুল ইসলামের মেয়ে রেবেকা ইসলাম বলেন, ‘আমার বাবার হত্যাকারীরা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারছে না। খুনিরা গ্রেপ্তার না হওয়ায় আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।’
আরও বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
দলীয় নেতা-কর্মী ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহত ব্যক্তিদের স্মরণে গত শুক্রবার মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়। চন্দ্রা ত্রিমোড় এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ মাঠে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। যুবলীগ নেতা রফিকুল ইসলাম সভায় তাঁর বক্তব্য শেষ করে অনুষ্ঠানস্থলের পশ্চিম পাশে একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় ১০-১২ জন তাঁর ওপর হামলা করে। তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
থানা-পুলিশ জানায়, রফিকুলের খুনের ঘটনায় তাঁর বড় ভাই মামুন সিরাজুল ওরফে মোতালেব কালিয়াকৈর থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১০ জন নেতা ও অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সিকদার মোশারফ হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সিকদার জহিরুল ইসলাম, কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সভাপতি শেখ রিয়াদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাত্তাব মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকারের নাম আছে।
মামলা হওয়ার পরপর পুলিশ চারজনকে আটক করে। কিন্তু এজাহারভুক্ত আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। এর মধ্যে তদন্তের জন্য মামলাটি গতকাল গাজীপুর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, মামলাটি গাজীপুর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর হয়েছে। বাকি আসামিদের তাঁরাই গ্রেপ্তার করবেন। তবে ডিবি পুলিশকে কালিয়াকৈর থানা-পুলিশ সহযোগিতা করবে।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন বলেন, তাঁরা এ ঘটনার তদন্ত শুরু করেছেন।