যুবলীগ নেতা শাহিন হত্যার বিচারের দাবিতে অবরোধ, বিক্ষোভ
গোপালগঞ্জে যুবলীগের নেতা শাহিন খান হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলা যুবলীগ ও শাহীন সঞ্চৃতি সংঘের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।সকাল নয়টায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেড়ারবাজারে গাছের গুঁড়ি ফেলে যুবলীগের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করেন। সকাল ১০টার দিকে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে ছয় কিলোমিটার রাস্তা অতিক্রম করে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন হয়। নিহতের স্ত্রী শাহানাজ নাজনীন বলেন, ‘পাঁচ মাস ১৮ দিন অতিবাহিত হলেও পুলিশ আদালতে অভিযোগপত্র দিতে পারেনি। আসামিরা জামিনে বের হয়ে এসে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। এ কারণে আমি সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। মামলাটি সিআইডিতে দেওয়া হয়েছে। আমি নিজে এর বিরুদ্ধে আপত্তি দিয়েছি।’মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ দমন বিভাগের (সিআইডি) গোপালগঞ্জ কার্যালয়ের পরিদর্শক দাউদ হোসেন বলেন, মামলাটি প্রথমে গোপালগঞ্জ সদর থানা, পরে জেলা গোয়েন্দা পুলিশ এবং সর্বশেষ ১২ দিন আগে সিআইডিতে দেওয়া হয়েছে। এ পর্যন্ত এ ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। সময় না দিলে এ হত্যার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে না। গত ১২ মে রাতে সদর উপজেলার হরিদাসপুর গ্রামে নিজ বাড়িতে হরিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীনের ওপর বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান। এ ঘটনায় পরদিন তাঁর স্ত্রী সদর থানায় হত্যা মামলা করেন।