যুবলীগ নেতা, শিশুসহ চার দিনে পাঁচজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলা শহরে গত মঙ্গলবার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। রামপাল উপজেলায় গতকাল শুক্রবার ভোরে স্ত্রী তাঁর স্বামীকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেন। এ ছাড়া খুলনার ডুমুরিয়া ও কুষ্টিয়ার মিরপুরে পৃথক ঘটনায় আরও দুজন খুন হয়েছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বাগেরহাট: রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিকিরডাঙ্গা গ্রামে গতকাল ভোরে দিনমজুর শেখ সিরাজুল ইসলামকে (৩৭) জবাই করে হত্যা করেছেন তাঁর স্ত্রী হালিমা বেগম (৩২)। পরে তিনি কেরোসিন পান করে আত্মহত্যার চেষ্টা করেন। সিরাজুল সিকিরডাঙ্গা গ্রামের শেখ বেলায়েত হোসেনের ছেলে।
বুধবার সকালে বাগেরহাট শহরসংলগ্ন ভৈরব নদ থেকে আবদুল্লাহর (৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরতলির মাঝিডাঙ্গার আবদুর রাজ্জাকের ছেলে আবদুল্লাহ ১৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিল।
মংলা (বাগেরহাট): গত মঙ্গলবার সন্ধ্যায় মংলা শহরের মাহাবুব মোর্শেদ সড়কে এক বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক ও মাছ বিক্রেতা মো. মনির মীর (২২)। ওই সময় দুর্বৃত্তরা মনিরের বুকের বাঁ দিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মংলা উপজেলা হাসপাতালে আনার পথে তাঁর মৃত্যু হয়।
ডুমুরিয়া (খুলনা): মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে পাঁচ-ছয়জন যুবক খুলনার ফুলতলা উপজেলার দামোদর এলাকার ওহাব মৃধার ছেলে সুমন মৃধাকে (২৫) তাঁদের রেলগেটসংলগ্ন বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যান। একপর্যায়ে সঙ্গীরা সুমনের বুকে গুলি করে পালিয়ে যান। গুলির শব্দ শুনে এলাকার লোকজন সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
কুষ্টিয়া: মিরপুর উপজেলার তাঁতীবন্ধ এলাকায় গত বুধবার রাত ১১টার দিকে জহুরুল ইসলাম ওরফে জয় (৪৪) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। পারিবারিক বিরোধের জের ধরে শ্বশুরবাড়ির লোকজন জয়কে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ করেছেন তাঁর বড় ভাই ও কুষ্টিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাঈমুল ইসলাম।