যুবলীগ নেতা হত্যা, আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে যুবলীগ নেতা হত্যার ঘটনায় গতকাল বুধবার কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
ইমরান মিয়ার ছোট ভাই বিপ্লব মিয়া বাদী হয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এম এ মজিদ, তাঁর ভাগনে মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলমসহ ১১ জনকে অভিযুক্ত করে এই মামলা দায়ের করেছেন।
এ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গতকালবেলা ১১টায় শহরের মাহিগঞ্জ সাতমাথায় এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে সাতমাথা এলাকার ব্যবসায়ী শেখ বাচ্চু মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সাতমাথা এলাকার দোকান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক আতিকুল্লাহ আতিক ও তৌফিকুর রহমান, ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আঙুর মিয়া ও আনোয়ার হোসেন, অটো মালিক-শ্রমিক সমবায় সমিতির সভাপতি মহিউল আলম, পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। সেই সঙ্গে এলাকার নিরাপত্তা রক্ষার্থে পুলিশের সার্বক্ষণিক ভূমিকা থাকতে হবে।
মামলার প্রধান আসামি এম এ মজিদ গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শহরের তাজহাট এলাকায় তাঁর নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে বলেন, ‘এ হত্যাকাণ্ডের সঙ্গে আমি ও আমার ভাগনে জড়িত নই। তাঁদের নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে তিনি (ইমরান) নিহত হয়েছেন।’
সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাউন্সিলরদের নেতৃত্বে ৩৩টি ওয়ার্ডে শিগগির অপরাধ দমন কমিটি গঠন করা হবে। ইমরানের বাবা দুলাল মিয়া ছেলে হত্যার বিচার দাবি করেছেন।
অন্যদিকে পরিস্থিতি অনুকূলে রাখতে গতকাল বুধবার দুপুরের দিকে রংপুর জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ ও জেলা পুলিশ সুপার আবদুর রাজ্জাক নিহত যুবলীগ নেতার মাহিগঞ্জে বালাপাড়ার বাড়ি ও শহরের সাতমাথা এলাকা পরিদর্শন করে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে কথা বলেছেন।
শহরের সাতমাথা এলাকায় গত রোববার রাত একটার দিকে বাসস্ট্যান্ডের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান মিয়া (২৮) খুন হন।