যুবলীগ নেতা হত্যা: আরও ১০ জন কারাগারে
পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় যুবলীগ নেতা স্বপন শীল হত্যা মামলার ১০ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ১০ আসামি হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক মো. সাইফুজ্জামান শুনানি শেষে জামিনের আবেদন না মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন, ইন্দুরকানি উপজেলার বালিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর, সদস্য জাকির হোসেন, সদস্য নূর ইসলাম, বালিপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারেফ সিকদার, বালিপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য রবিউল ইসলাম, মিরাজ সিকদার ও নাসির হোসেন, বালিপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ওবায়দুল হাওলাদার ও বালিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রুম্মান ফকির।
২০১৩ সালের ২৭ অক্টোবর ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে বিএনপি জামায়াতের নেতা-কর্মীরা গভীর রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন শীলের বাড়িতে হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় বালিপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি আলমগীর সেপাই বাদী হয়ে স্থানীয় বিএনপি-জামায়াতের ৫৭ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
গত বছর ৫৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বৃহস্পতিবার কারাগারে পাঠানো আসামিদের বিরুদ্ধে কয়েক মাস আগে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে গত সোমবার ইন্দুরকানি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হাবিবুর রহমান মুন্সিসহ মামলার ১৩ আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।