যুবলীগ নেতা হত্যার ঘটনায় পাল্টাপাল্টি বিক্ষোভ খাগড়াছড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে যুবলীগ নেতা নুরুল ইসলাম (৩১) খুনের ঘটনার পর পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে বেশ কয়েকটি সংগঠন। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার সকালে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের একাংশ। পাশাপাশি পাহাড়িদের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে সন্ধ্যায় বিক্ষোভ করেছে ইউপিডিএফ সমর্থিত তিনটি সংগঠন।

নুরুল ইসলাম হত্যার প্রতিবাদে বেলা ১১টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। মিছিল শেষে একই স্থানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব আব্দুল মজিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা সভাপতি রবিউল হোসেন প্রমুখ। সমাবেশ থেকে আজ শনিবার খাগড়াছড়ি জেলার প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়।

এদিকে, সন্ধ্যা ছয়টায় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন। সমাবেশে বক্তব্য দেন, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি তপন চাকমা। বক্তারা বলেন, নুরুল ইসলাম খুনের ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটির লংগদুতে পাহাড়িদের ঘরবাড়িতে হামলা হয়েছে। তাঁরা এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। পাশাপাশি নুরুল ইসলামের প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করারও দাবি জানান তাঁরা।

জানতে চাইলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক আব্দুল হান্নান বলেন, গত বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে চার কিলো এলাকা থেকে নুরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। তাঁর ছোট ভাই দীন ইসলাম বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেছেন।  এ ব্যাপারে খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহম্মদ খান বলেন, ‘আমরা প্রকৃত অপরাধীদের ধরার চেষ্টা করছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

চট্টগ্রামেও বিক্ষোভ: রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে গতকাল বিকেল চারটায় চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। সংগঠনের চট্টগ্রাম নগর শাখার সভাপতি পলাশ চাকমার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন বক্তারা।