যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে ভাঙচুর আগুন, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে গত শনিবার রাতে হাবিবুর রহমান (৪৩) নামের যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান যুবলীগের নেতা-কর্মীরা। এ সময় কয়েকটি বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

হাবিবুর গফরগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছোট ভাইকে দেখে বাড়ি ফিরছিলেন হাবিবুর। পাবলিক হল মোড় এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে। তারা এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে আহত করে। খবর পেয়ে পুলিশ ও পরিবারের লোকজন পৌনে ১১টার দিকে হাবিবুরকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাবিবুরের মৃত্যুর খবরে রাতেই যুবলীগের ক্ষুব্ধ নেতা-কর্মীরা গফরগাঁও-ময়মনসিংহ সড়কের অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালান। গতকাল সকালেও তাঁরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এ সময় ষোলহাসিয়া গ্রামের ছয়টি বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শনিবার রাতেই ষোলহাসিয়া গ্রাম থেকে বাবু (২২) নামের এক তরুণকে আটক করা হয়েছে।