যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে সমাবেশ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিনকে গুলি করে হত্যার প্রতিবাদে ও এই হত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে সমাবেশ করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার কুলাসার ঈদগাহ মাঠে ওই প্রতিবাদ সমাবেশ হয়।
হত্যার ঘটনায় জামালের বড় বোন জোহরা আক্তার গতকাল চৌদ্দগ্রাম থানায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় আলকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন ওরফে বাচ্চুকে ১ নম্বর আসামি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটায় আলকরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা হয়। এতে বক্তব্য দেন আলকরা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক হেলালসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
প্রতিবাদ সমাবেশে গোলাম ফারুক হেলাল বলেন, চৌদ্দগ্রামে জামায়াত-শিবিরের অপরাজনীতির বিরুদ্ধে জামাল উদ্দিন দীর্ঘদিন লড়াই করেছিলেন। বর্তমানে জামায়াত-শিবির মাঠে না থাকলেও আওয়ামী লীগের চেয়ারম্যান হয়ে বাচ্চু (ইসমাইল হোসেন) ও তাঁর দলবল নৃশংসভাবে জামালকে হত্যা করে।