যুবলীগ নেতা হত্যায় এক যুগ পর ১১ জনের মৃত্যুদণ্ড
গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবলীগের নেতা জালাল উদ্দিন সরকার হত্যাকাণ্ডের এক যুগ পর ১১ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন কাপাসিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবদুল আলীম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আ. হালিম, যুবদলের কর্মী জজ মিয়া, আল আমিন, মাহবুবুর রহমান রিপন, আতাউর রহমান ও জয়নাল আবেদিন, ছাত্রদল কর্মী বেলায়েত হোসেন ওরফে বেল্টু, ফরহাদ হোসেন ও ফারুক হোসেন এবং কাপাসিয়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুয়েল। আদালত তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেন।
রায় ঘোষণার সময় আজ আদালতে উপস্থিত ছিলেন আলীম, বেলায়েত, ফরহাদ, ফারুক, আতাউর ও জয়নাল। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম। অন্য পাঁচ আসামি আ. হালিম, জজ মিয়া, আল আমিন, মাহবুবুর ও জুয়েল পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০০৩ সালের ১৭ আগস্ট গাজীপুরের কাপাসিয়া উপজেলার বলখেলা বাজারের পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জালাল উদ্দিনকে জখম করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ঘটনায় জালালের বড় ভাই মিলন সরকার বাদী হয়ে কাপাসিয়া থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ২০০৪ সালে ২৩ জানুয়ারি পুলিশ তদন্ত শেষে সব আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ মামলায় রায় ঘোষণা করা হলো।
রায়ে সন্তোষ প্রকাশ করে নিহত জালালের বাবা আমজাদ হোসেন সরকার বলেন, ‘ছেলে হত্যার বিচার দেখার জন্যই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। এখন মরেও শান্তি পাব।’ রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী হারিছ উদ্দিন আহমেদও।
তবে আসামি পক্ষের আইনজীবী শহীদুজ্জামান বলেন, ‘আদালতের এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। আমরা উচ্চ আদালতে আপিল করব।’
আরও পড়ুন: