নারায়ণগঞ্জ শহরে কর্তব্যরত পুলিশের ওপর হামলা, ওয়্যারলেস সেট লুট, পিকআপ ভ্যান ভাঙচুর মামলায় ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সঙ্গে সিদ্ধিরগঞ্জ যুবলীগের এক নেতাকেও আসামি করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করায় পরাজিত প্রার্থী শামীম ওসমানের পক্ষ পরিকল্পিতভাবে পুলিশকে দিয়ে আসামি করিয়েছে বলে অভিযোগ উঠেছে।আসামি মনিরুজ্জামান খান ওরফে স্বপন (৪০) সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন থেকে পৌরসভা, পরে সিটি করপোরেশনে উন্নীত হলেও নতুন কমিটি না হওয়ায় দীর্ঘদিনের পুরোনো কমিটি বহাল রয়েছে। তিনি রাষ্ট্রীয় ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হায়দার আলী খানের ছেলে।পুলিশ সূত্র জানায়, ৫ ডিসেম্বর সকাল সোয়া ১০টায় শহরের মণ্ডলপাড়া এলাকায় জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। ভাঙচুর করেন পুলিশের গাড়ি। ছিনিয়ে নেন পুলিশের ওয়্যারলেস সেট। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ৩০ জনের নাম উল্লেখ করে সরকারি কাজে বাধাদান, হত্যার উদ্দেশ্যে মারধর করে ওয়্যারলেস সেট ছিনতাই, গাড়ি ভাঙচুর ও ক্ষতিসাধনের অভিযোগে মামলা করেন। ওই মামলার ২৬ নম্বর আসামি যুবলীগের নেতা মনিরুজ্জামান।মনিরুজ্জামান বর্তমানে নির্মাণসামগ্রীর ব্যবসা করেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় হন তিনি। ওই ওয়ার্ডে জয়ী হন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন। তিনি আওয়ামী লীগের নেতা ও মেয়র পদে পরাজিত প্রার্থী শামীম ওসমানের সমর্থক হিসেবে পরিচিত। মনিরুজ্জামান বলেন, ‘নির্বাচনে মেয়র পদে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করায় তখন থেকেই শামীম ওসমানের পক্ষ আমাকে নানাভাবে হুমকি দিতে থাকে। এ কারণে পুলিশের ওপর হামলার ঘটনায় ভিডিও ও স্থিরচিত্রের ছবি পুলিশের কাছে থাকলেও তা যাচাই না করেই ওই পক্ষের তালিকা অনুযায়ী আমাকেও আসামি করা হয়েছে।’মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘মনিরুজ্জামানের মতো যাঁরা নির্যাতন, হুমকি উপেক্ষা করে নির্বাচনে আমার পক্ষে নিঃস্বার্থভাবে কাজ করেছেন, তাঁদের বিভিন্ন মামলায় আসামি করা হচ্ছে। নির্বাচনে পরাজিত একটি প্রভাবশালী মহল তালিকা তৈরি করে রাজনৈতিক প্রভাবে পুলিশকে দিয়ে এসব কাজ করাচ্ছে।’সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের প্রথম আলোকে বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানা থেকে মনিরুজ্জামানের নাম দেওয়ায় তাঁকে আসামি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি যুবলীগ করেন। তাঁর বাবা একজন মুক্তিযোদ্ধা। এ কারণে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেনি। মামলার অভিযোগপত্র থেকে তাঁর নাম বাদ দেওয়া হবে।’