যুবলীগ নেতাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলমকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। গতকাল সোমবার দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জাহাঙ্গীরের স্ত্রী রোমানা আক্তার।

গত রোববার ভোরে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চৌমুহনী এলাকার বাড়িতে অভিযান চালিয়ে ৩টি অস্ত্র, ১৭ লাখ টাকাসহ উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও তাঁর চার ভাইকে গ্রেপ্তার করেন র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। মামলা না থাকায় পরে র‍্যাব কার্যালয় থেকে এক ভাইকে ছেড়ে দেওয়া হয়। জাহাঙ্গীর ও তিন ভাইকে চকরিয়া থানায় হস্তান্তর করে র‍্যাব।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরের স্ত্রী রোমানা আক্তার বলেন, রোববার ভোর চারটার দিকে র‍্যাবের একটি দল তাঁদের বাড়ি ঘিরে ফেলে। ঘরে ঢুকে তল্লাশির নামে কিছুক্ষণ পর একটি কালো ব্যাগ থেকে তিনটি অস্ত্র বের করে তাঁর স্বামী ও দেবরের কাছে পেয়েছে বলে হইচই শুরু করে। এ সময় ওয়ার্ডরোবে থাকা ১৫ আগস্ট শোক দিবসের মেজবানের গরু-মহিষ কেনা এবং ব্যবসায়িক কাজের জন্য আনা ১৭ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যান র‍্যাব সদস্যরা। কিন্তু পরে স্বর্ণগুলো জব্দ তালিকায় দেখানো হয়নি।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরাফত উল্লাহসহ কয়েকজন মিলে তাঁর স্বামীকে ফাঁসিয়েছেন। বিএনপির  মনোনয়নে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।

জাহাঙ্গীরের পরিবারের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ মুঠোফোনে বলেন, ‘উপজেলার যেকোনো প্রান্তে কিছু ঘটলেই আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আমাকে জড়িয়ে ফেলেন। এটা খুবই দুঃখজনক।’

র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন বলেন, জাহাঙ্গীর ও তাঁর তিন ভাই বিভিন্ন মামলার পলাতক আসামি। তাঁদের ধরতে গিয়ে ৩টি অস্ত্রসহ নগদ ১৭ লাখ টাকা পাওয়া গেছে। এ সময় কোনো স্বর্ণালংকার চোখে পড়েনি, উদ্ধারও হয়নি।