যুবলীগ নেতাকে উদ্ধারে সরকারের হস্তক্ষেপ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনেও কাফরুল থানার অপহূত যুবলীগ নেতা ওয়ালিউল্লাহর কোনো হদিস না পেয়ে তাঁর উদ্বিগ্ন পরিবার গতকাল বুধবার সংবাদ সম্মেলন করেছে। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ালিউল্লাহর স্ত্রী স্বামীকে উদ্ধারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
গত সোমবার রাতে মিরপুর ১৩ নম্বর সেকশনের বি-ব্লকে অবস্থিত বাসার কাছ থেকে ওয়ালিউল্লাহকে মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয়। তিনি ওয়ার্ড যুবলীগের একজন নেতা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্ত্রী রেবেকা সুলতানা বলেন, সোমবার রাত পৌনে ১০টার দিকে বাসার পাশে একটি ক্লাবের সামনে তাঁর স্বামী ওয়ালিউল্লাহ মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় একটি সাদা মাইক্রোবাসে করে সাধারণ পোশাক পরা চার ব্যক্তি এসে তাঁকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যায়। মাইক্রোবাসে কালো রঙের কাচ লাগানো ছিল। রেবেকা বলেন, এ ঘটনা স্থানীয় অনেকে দেখেছেন। এ ব্যাপারে গত মঙ্গলবার কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।