যুবলীগ নেতাকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া-বাংলাবাজার এলাকায় মো. রিধন (২৮) নামে এক যুবলীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
হামলায় রিধন গুরুতর আহত হলেও সন্ত্রাসীদের হুমকির মুখে হাসপাতালে ভর্তি হতে পারেননি। পরে রাতে বাড়িতে চিকিৎসক নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। রিধন ওই এলাকার মৃত সামছদ্দিন মাস্টারের ছেলে।
যুবলীগের ইউনিয়ন কমিটির সদস্য রিধন গত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমির হোসেনের পক্ষে নির্বাচন করেছিলেন। আর এ কারণেই তিনি হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন প্রার্থী আমির হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১০টার দিকে রিধন ওছখালি বাজারে তাঁর একটি মোটরসাইকেল বিক্রি করা ৭০ হাজার টাকা নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন। তিনি সোনাদিয়া-বাংলাবাজার পৌঁছামাত্র ১০-১২ জনের একদল সন্ত্রাসী অতর্কিতে তাঁর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে সড়কের ওপর ফেলে চলে যায়।
আহত রিধন অভিযোগ করেন, হামলাকারীরা যাওয়ার সময় হাসপাতালে ভর্তি না হতে হুমকি দিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সোনাদিয়া-বাংলাবাজার এলাকার গ্রামের বাড়িতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী। প্রথম আলোকে তিনি বলেন, হামলার ঘটনা সত্য। তবে কারা হামলা করেছে তা নিশ্চিত নয়। ঘটনার বিষয়ে গতকাল সোমবার বিকেল পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।