যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
মুন্সিগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুর গ্রামে গতকাল মঙ্গলবার সাদেক হোসেন (৪২) নামের যুবলীগের এক নেতাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সবুজ নামের একজনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চসার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সাদেক ও তাঁর বন্ধু সাকিল গতকাল রাত সাড়ে আটটার দিকে রতনপুরের বাড়ি থেকে বের হন। তাঁরা রতনপুর তিন রাস্তার মোড়ে পৌঁছালে পেছন থেকে একদল দুর্বৃত্ত প্রথমে চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা সাদেককে লক্ষ্য করে গুলি ছোড়ে। সাদেক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এই পর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী সাদেককে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাদেকের পরিবারের অভিযোগ, তিনি বেশ কিছুদিন আগে চুরির অভিযোগে স্থানীয় নুরমা নামে এক ব্যক্তিকে মারধর করেন। ওই ঘটনায় নুরমা সাদেকের বিরুদ্ধে মামলা করেন। গতকাল সাদেক ওই মামলায় আদালতে সাক্ষ্য দিয়ে বিকেলে বাড়ি ফেরেন। রাতে নুরমা ও তাঁর লোকজন সাদেককে হত্যা করে।
সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, সবুজ এ ঘটনায় জড়িত কি না, খতিয়ে দেখা হচ্ছে।