যুবলীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা
রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমানকে (২৮) গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার পাঁচজনের নাম উল্লেখ করে মাহফুজুর রহমানের বাবা ফজল উদ্দিন বাদী হয়ে পবা থানায় হত্যা মামলাটি করেন। পুলিশ আসামিদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।
পবা থানার ওসি আকবর আলী বলেন, মাহফুজুর রহমান নগরের চণ্ডীপুর এলাকার যুবলীগ নেতা সারোয়ার হোসেন ওরফে ডাবলু হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। এখন মাহফুজুর রহমান হত্যা মামলায় যাদের আসামি করা হয়েছে তারা সবাই নগরের রাজপাড়া থানা এলাকার লোক। গ্রেপ্তারের ব্যাপারটি এখন রাজপাড়া থানা দেখবে।
গতকাল বিকেলে রাজপাড়া থানার ওসি রেজাউল ইসলাম বলেন, তিনি এজাহার এখনো হাতে পাননি। আসামিদের নাম, ঠিকানাও জানতে পারেননি। ময়নাতদন্তের পর গতকাল মাহফুজুর রহমানের লাশ নগরের মহিষবাথান গোরস্থানে দাফন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে দারুশা বাজারের একটি ফলের দোকানে মাহফুজুর বসেছিলেন। গাড়ি থেকে চারজন বন্দুকধারী নেমে মাহফুজুরকে চারটি গুলি করে।