যুবলীগ নেতাকে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এক যুবলীগ নেতার বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগ এনে তাঁকে গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
ইউএনও কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করা হয়। এতে উপজেলার ভবনাথপুর গ্রামের প্রায় ৫০০ নারী-পুরুষ অংশ নেন। কর্মসূচি চলাকালে একই গ্রামের ফারজানা আক্তার, আলমগীর হোসেনসহ অনেকে অভিযোগ করেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে গ্রামবাসীর জমি দখল, নিরীহ মানুষের ওপর সন্ত্রাসী হামলাসহ নানা অন্যায় অপরাধ করে আসছেন।
মানববন্ধন শেষে এলাকাবাসী ইউএনও বরাবর স্মারকলিপি দেন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল করে থানার প্রধান ফটকের সামনে যান। এ সময় থানার ওসি আশ্বাস দেন, মোশারফসহ মামলার সব আসামিকে গ্রেপ্তার করা হবে। এ আশ্বাস পেয়ে গ্রামবাসী চলে যায়। মোশারফ বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।’
ইউএনও আবু নাছের ভূঁঞা বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।