যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে আটক যুবলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে সংগঠনের নেতা-কর্মীরা গত মঙ্গলবার রাতে সদর থানায় হামলা চালায়। এ সময় তাঁরা থানার ফটকের একটি সাইনবোর্ড ভাঙচুর করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতেই পুলিশ যুবলীগের তিন কর্মীকে আটক করেছে।জানা গেছে, শহরের কলেজ গেট এলাকায় ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ধনরঞ্জন দাশ ওরফে ধনাইয়া মঙ্গলবার বিকেলে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে মারপিট করেন। বিষয়টি জানতে পেরে পুলিশ সেখানে গেলে ওই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রনি মল্লিক পুলিশকে গালিগালাজ করেন। এ সময় পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।রনি মল্লিকের মুক্তির দাবিতে যুবলীগ নেতা জসিম উদ্দিনের নেতৃতে ওয়ার্ড যুবলীগের ৪০ থেকে ৪৫ জন নেতা-কর্মী রাত সাড়ে আটটার দিকে মিছিল বের করে। রনিকে ছিনিয়ে নিয়ে আসার জন্য তারা মিছিল নিয়ে থানায় ঢোকার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে তারা ক্ষুব্ধ হয়ে থানার ফটকে একটি সাইনবোর্ড ভেঙে ফেলে। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী জানান, মিছিলের বিষয়টি জেলা ও উপজেলা যুবলীগের নেতারা আগে থেকে জানতেন না।বান্দরবান সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, থানায় হামলার সঙ্গে জড়িত অভিযোগে রাতেই শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সুবল দাশ, স্বপন দাশ ও সজল দাশ নামে তিন যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।