কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবলীগের সভাপতি খোকন মিয়া ওরফে খোকন সর্দারকে (৪৮) প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষরা। ওই ঘটনার প্রতিবাদে খোকন সর্দারের অনুসারীরা শাহাপুর গ্রামের কমপক্ষে ১০টি বাড়িঘর ও দোকানপাটে আগুন ধরিয়ে দেয়। গতকাল শুক্রবার বেলা তিনটায় ওই ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে। রাত সোয়া ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহাপুর গ্রামের একটি সড়ক নিয়ে এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে খোকন সর্দারের সঙ্গে একই গ্রামের আবদুল মোমেন সর্দার ও ইউপি সদস্য সফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার খোকন সর্দারের লোকজন মোমেনের গাড়ি ভাঙচুর করে। এর জের ধরে গতকাল শুক্রবার বেলা তিনটায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ইউপি সদস্য সফিকুল ইসলামের লোকজন খোকনের বুকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। ওই ঘটনার প্রতিবাদে গ্রামবাসী শাহাপুর গ্রামের সফিকুল ইসলাম, আবুল খায়ের ও মোমেন সর্দারের ঘর ও দোকানসহ কমপক্ষে ১০টি ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে বেশির ভাগ ঘর পুড়ে যায়। পরে কুমিল্লা থেকে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। কুমিল্লার সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, পূর্বশত্রুতার জের ধরে ওই হত্যাকাণ্ড ও আগুন লাগানোর ঘটনা ঘটে। এতে দোকানপাট ও ঘরে আগুন দেওয়া হয়।কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, সফিক মেম্বারের ভাই আবুল খায়েরকে প্রধান আসামি করে ১৩ জনের নামে মামলার প্রস্তুতি চলছে।