যুবলীগ নেতাকে টাকা দিয়ে অবাধে পাথর উত্তোলন!
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ভারতের সীমান্তবর্তী হক নগর এলাকায় সরকারি জমি থেকে অবাধে পাথর তোলা হচ্ছে। ফলে পরিবেশ হুমকির মুখে পড়েছে। যুবলীগের নামধারী নেতা জসিম উদ্দিনকে টাকা দিয়ে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী পাথর তুলে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত চারদলীয় জোট সরকারের সময় এখানে অবৈধভাবে পাথর উত্তোলন শুরু হয়। এখন এই কাজের সঙ্গে বর্তমান ক্ষমতাসীন দলের লোকজন জড়িত। সরেজমিনে দেখা যায়, মাটি খুঁড়ে বড় বড় গর্ত করে পাথর তোলা হচ্ছে। অনেক নারী-পুরুষ পাথর তোলার কাজ করছেন। বিভিন্ন মাঠ ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের পাশ থেকে নির্বিচারে পাথর তোলা হচ্ছে। ট্রলি দিয়ে সেই পাথর নিয়ে যাওয়া হচ্ছে পাশের কলোনি বাজারে। স্থানীয় একজন ব্যক্তি কয়েকটি ট্রলিতে পাথর বোঝাইয়ের কাজ তদারকি করছিলেন।নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, তাঁরা এক ট্রলি পাথর এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকায় কেনেন। আর ছোট ট্রাক ভর্তি পাথরের দাম পড়ে এক হাজার ৯০০ থেকে দুই হাজার টাকা। প্রতিদিন শতাধিক ট্রলি ও ট্রাক দিয়ে পাথর নিয়ে যাওয়া হয়। পাথর তুলতে থাকা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। স্থানীয় চানপুর গ্রামের শাহ মিয়াসহ বেশ কয়েকজন পাথর ব্যবসায়ী শ্রমিকদের নিয়োগ দেন। নাম প্রকাশ না করার শর্তে একজন শ্রমিক বলেন, ‘আমরারত লাভ নাই, যারা কিনে তারার সব লাভ।’ যোগাযোগ করা হলে শাহ মিয়া জানান, পাথর তুলে বিক্রি করার জন্য তাঁরা যুবলীগের নেতা জসিম উদ্দিনকে ট্রলি ও ট্রাকপ্রতি ৩০০ টাকা দেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়কারী শাহ সাহেদা আক্তার বলেন, ‘পাথর তোলার জায়গাটি এই এলাকার মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানগুলোর একটি। নির্বিচারে পাথর তোলার ফলে পরিবেশ হুমকির মুখে পড়েছে। আমরা সরেজমিনে দেখে করণীয় ঠিক করব।’ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জসিম উদ্দিন বলেন, ‘চারদলীয় জোট সরকারের আমলে তাদের কিছু লোক এখানে নির্বিচারে লুটপাট করেছে। আমাদেরও কোনো অনুমোদন নেই, এটা ঠিক। তবে আমরা নিজেদের জন্য নয়, টাকা নিচ্ছি এলাকার একটি স্কুলের উন্নয়নের জন্য।’ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ জানান, উপজেলা যুবলীগের কোনো কমিটি নেই। তবে জসিম উদ্দিন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। দোয়ারাবাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কংকন চাকমা জানান, পাথর উত্তোলনকারীদের কাছ থেকে কারও টাকা নেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। তিনি বলেন, ‘অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে একবার অভিযান চালিয়ে একজনকে কারাগারে পাঠিয়েছি। এরা আসলে দুষ্টু লোক। পুলিশ নিয়ে গেলেই তাদের আর পাওয়া যায় না।’