যুবলীগ নেতাকে থাপড় এরপর সংঘর্ষ
কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় গতকাল শনিবার পুলিশ এক যুবলীগ নেতাকে থাপড় মারার জের ধরে পুলিশ-জনতা সংঘর্ষে কমপক্ষে ২৭ জন আহত হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করতে গতকাল বেলা ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার হামিদুল হকের নেতৃত্বে ত্রিমোহনী বাজার এলাকায় ভ্রাম্যমাণ তল্লাশিচৌকি বসায় পুলিশ। এ সময় যুবলীগের জেলা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমানকে থামিয়ে তাঁর মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চায় পুলিশ। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে মোস্তাফিজুরকে থাপড় মারেন হামিদুল হক। এরপর পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ এবং পুলিশের লাঠিপেটায় দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে ২৭ জন আহত হন।যুবলীগের নেতা মোস্তাফিজুর বলেন, ‘আমাকে থাপড় মারতে দেখে উপস্থিত লোকজন ও ব্যবসায়ীরা এর প্রতিবাদ করেন। এ সময় পুলিশ তাঁদের সঙ্গেও খারাপ ব্যবহার করে। একপর্যায়ে লোকজন সংগঠিত হয়ে এগিয়ে এলে পুলিশ তাঁদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে এবং লাঠিপেটা শুরু করে। পুলিশের হামলায় নূর জামাল, অজয়, তুহিন, দুলু, জব্বার, সুধীর, রফিকুল, ছালাম, ভুট্টো, চাঁদ ও রবিউলসহ অন্তত ২৫ জন আহত হন। এর মধ্যে ১০ জন কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রবিউলকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার হামিদুল হক প্রথম আলোকে বলেন, ‘খারাপ আচরণের কারণে মোস্তাফিজুরকে থাপড় মেরেছি। এ সময় তাঁর সাঙ্গোপাঙ্গরা চড়াও হয়ে আমার গাড়ির কাচ ভেঙে ড্রাইভার সাইদুর রহমানকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে আসে এবং আমাকেও হেনস্তা করার চেষ্টা করে। জনতার হামলায় কনস্টেবল সাইদুর রহমান ও সুমন আহত হন। এ সময় পুলিশ চারটি রাবার বুলেট ছোড়ে। মামলা হয়েছে কি না, জানতে চাইলে হামিদুল হক জানান, বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। সিদ্ধান্ত পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ ব্যাপারে কুড়িগ্রামের পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে।