যুবলীগ নেতাকে পেটালেন ছাত্রলীগ কর্মীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলায় গত রোববার স্থানীয় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে যুবলীগের এক নেতাকে পেটানোর অভিযোগ উঠেছে। উপজেলার স্থানীয় একটি বাজারের ইজারা না পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওই নেতাকে মারধর করেন বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পরশুরাম উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলার বিভিন্ন হাট-বাজারের ইজারার দরপত্র জমা নেওয়া হয়। এতে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ঠিকাদারি প্রতিষ্ঠান চৌধুরী ট্রেডার্সের নামে দরপত্র জমা দেন। উপজেলার বক্সমাহমুদ ইউনিয়ন যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক আবদুল কাদেরও দরপত্র জমা দেন। রোববার বিকেলে দরপত্র বাক্স খুলে সর্বোচ্চ দরদাতা হিসেবে আবদুল কাদেরকে বক্সমাহমুদ বাজারের ইজারা দেওয়া হয়। এতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। আবদুল কাদের অভিযোগ করেন, উপজেলা ডাকঘর সড়কে ছাত্রলীগের সভাপতি এয়াছিন শরিফ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক এনামের নেতৃত্বে ১০ থেকে ১২ জন কর্মী তাঁকে পিটিয়ে আহত করেন। তাঁকে চিকিত্সার জন্য পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেও ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন। পরে তাঁকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, তবে এয়াছিন শরিফ যুবলীগের নেতার ওপর হামলার কথা অস্বীকার করেছেন। পরশুরাম থানার ওসি আলী আশরাফ জানান, তিনি যুবলীগের নেতার ওপর হামলার কথা শুনেছেন।