যুবলীগ নেতাকে পেটালেন কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলায় স্থানীয় একজন যুবলীগ নেতাকে তাঁর নিজের সংগঠনের কর্মীরা পিটিয়ে ও কুপিয়ে আহত করেছেন। স্থানীয় লোকজনের ভাষ্যমতে, গতকাল শনিবার একটি অনুষ্ঠানে ঝগড়ার জের ধরে আজ রোববার সিংড়া উপজেলা পরিষদ চত্বরে আবদুস সালাম নামের ওই যুবলীগ নেতার ওপর হামলা করেন কর্মীরা। 

আহত আবদুস সালাম রামানন্দ খাজুরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে উপজেলার ভোগা আশ্রয়ণ প্রকল্পে বিদ্যুত্ সরবরাহ উপলক্ষে প্রকল্প এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কিন্তু অনুষ্ঠানে উপস্থিত রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলতান আহমেদ ওরফে বাবা সুলতানকে ফুল দিয়ে বরণ করা হয়নি। এতে চেয়ারম্যানের ভাই ও যুবলীগ কর্মী ফেরদৌস আহমেদ ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের একটি ব্যানার ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুস সালামের (৩০) সঙ্গে ফেরদৌস আহমেদের কথা-কাটাকাটি হয়।

আজ বেলা ১১টার দিকে যুবলীগ নেতা আবদুস সালাম উপজেলা পরিষদ চত্বরে গেলে যুবলীগ কর্মী  ফারুক ও ফেরদৌস আহমেদসহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে আবদুস সালামকে এলোপাতাড়ি কোপান এবং মারপিট করেন। এ সময় আশেপাশের লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে। 

উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম মারধরের সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইউপির চেয়ারম্যান সুলতান আহমেদ বলেছেন, ‘আবদুস সালামকে মারা হয়নি। আমার ভাইদের সঙ্গে ঠেলাঠেলি হয়েছে।’

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।