মাদারীপুরের শিবচর উপজেলায় এক যুবলীগ নেতাকে গত শনিবার মারধর করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও তাঁর স্বজনেরা বিক্ষোভ ও ঝাড়ুমিছিল করেছেন। এ ঘটনায় অভিযুক্ত এসআই মো. মোসলেমউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।এলাকাবাসি ও পুলিশ জানায়, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কমিউনিটি সেন্টার এলাকায় আবুল কাশেম বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে সড়কের কাছাকাছি প্রাচীর করেন। এ নিয়ে জাপানপ্রবাসী মোস্তাকিন মাদবরের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি জাপান থেকে এসে মোস্তাকিন নিজের জমিতেই প্রাচীর করতে গেলে যাতায়াতে সমস্যা হওয়ায় গত শনিবার বিকেলে আবুল কাশেমের স্ত্রী তানিয়া আক্তার থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা থেকে নির্মাণকাজ বন্ধ করতে একটি নোটিশ পাঠায়। এর পরও কাজ চালিয়ে যাওয়ায় ওই দিন বিকেলেই এসআই মোসলেমউদ্দিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে মোস্তাকিনকে থানায় যেতে বলে। এ সময় মোস্তাকিনের ছোট বোনের স্বামী থানা যুবলীগের সদস্য ইলিয়াস পাশা এর প্রতিবাদ করেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা করেন। এতে এসআই মোসলেমউদ্দিন ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে ইলিয়াসকে পুলিশ ভ্যানে তুলে বেদম মারধর করে থানায় নিয়ে যায়। রাতেই যুবলীগ নেতাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে গভীর রাত পর্যন্ত যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা ও তাঁর আত্মীয়স্বজনেরা দফায় দফায় ঝাড়ু ও লাঠিমিছিল বের করেন। তাঁরা এসআইসহ ওসির অপসারণ দাবি করেন ও গতকাল সকালে আবার মিছিল-সমাবেশের ডাক দেন। গতকাল সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে প্রশাসন ও নেতাদের উপস্থিতিতে এক সমঝোতা বৈঠক হয়। দোষী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি তুলে নেওয়া হয়।