যুবলীগ নেতাকে শ্বাসরোধে হত্যা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরের ভোলাই মাতুব্বরপাড়া গ্রামে গত রোববার রাতে আবদুর রশিদ মোল্লা (৪০) নামের যুবলীগের একজন নেতাকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। তিনি ওই গ্রামের তাইজদ্দিন মোল্লার ছেলে।গতকাল সোমবার স্থানীয় লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একই ইউনিয়নের গণি শেখেরপাড়া গ্রামের গেন্দু ফকিরের ছেলে রোকন ফকির (২৫) নামের এক যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।একজন রিকশাচালকের বরাত দিয়ে উজানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এজাজ আহাম্মেদ জানান, রোববার রাত ১১টার দিকে উজানচর ইউনিয়নের ভোলাই মাতুব্বরপাড়া গ্রাম দিয়ে সামেদ আলী নামের স্থানীয় একজন রিকশাচালক যাওয়ার সময় একজন লোককে কয়েকজন মিলে মাঠের দিকে জোর করে ধরে নিয়ে যেতে দেখেন। এ সময় রিকশাচালকের চিৎকারে আশপাশের লোকজন ঈদগা মাঠ থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় আবদুর রশিদ মোল্লাকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, আবদুর রশিদ মোল্লা স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।