যুবলীগ নেতাকে হত্যা করে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেনকে হত্যা করে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। ২৬ ডিসেম্বর রাতে দিনাজপুর-দশমাইল মহাসড়কের গোপালগঞ্জ এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় তাঁর স্ত্রী মমতাজ হোসেন ২৮ ডিসেম্বর দিনাজপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন।ওই মামলায় নিহত মোশাররফ হোসেনের ব্যবসায়িক অংশীদার শহরের বালুবাড়ী এলাকার মো. নাসিম, মধ্য বালুবাড়ী মহল্লার জগন্নাথ রায় ও চেহেলগাজী ইউনিয়ন পরিষদের সদস্য মো. রিয়াজুল ইসলামসহ চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে জানান, ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ভবন নির্মাণ ও সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের মহারাজপুর গ্রামের রাস্তা নির্মাণকাজের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে ঠিকাদারি কাজের অংশীদারদের সঙ্গে মোশাররফের বিরোধ চলছিল। গত ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মোশাররফ শহরের ঘাসিপাড়ার নিজ বাসা থেকে বেরিয়ে যান। মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ২৬ ডিসেম্বর নাসিম, জগন্নাথ রায়সহ অন্যরা সদর উপজেলার গোপালগঞ্জে নাসিমের বড় ভাই নুরুল ইসলামের পুকুরপাড়ে মোশাররফকে নিয়ে যান। সেখানে তাঁরা মোশাররফকে আগেই হত্যা করেন। পরে মহাসড়কে নিয়ে এসে আসামিরা ট্রাকের নিচে ফেলে দিয়ে মোশাররফ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে প্রচার চালান। ২৬ ডিসেম্বর রাত নয়টার দিকে মাহবুব নামের এক ব্যক্তি মোশাররফ হোসেনের স্ত্রী মমতাজ হোসেনের কাছে মোবাইল ফোন করে জানান, মোশাররফ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল শামিম হাসান জানান, পলাতক থাকায় পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা করছে।