যুবলীগ নেতাকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন যুবলীগের সভাপতি ও হাকিমপুর ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক বদিউজ্জামান সুজনকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। উপজেলা যুবলীগের আয়োজনে বৈগামে বৈগ্রাম যুব ক্লাব ও লাইব্রেরির প্রাঙ্গণে গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় ওই সব কর্মসূচি পালন করা হয়।
৬ আগস্ট সকালে বৈগ্রামে বৈগ্রাম যুব ক্লাব ও লাইব্রেরির ক্লাবের দখলে থাকা একটি পুকুরকে কেন্দ্র করে প্রতিবেশী রবিউল ইসলামের লাঠির আঘাতে সুজনের মৃত্যু হয়।
বিক্ষোভ-সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম। পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন। বক্তব্য দেন পৌর মেয়র জামিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা, পৌর আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল মল্লিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন সরকার, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের উদ্দিন, সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, বৈগ্রাম যুব ক্লাব ও লাইব্রেরির উপদেষ্টা বকুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
বক্তারা বলেন, ঘটনা পুকুর নিয়ে বলা হলেও মূলত এলাকার চোরাচালান প্রতিরোধসহ অন্যান্য অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে শুরু করায় স্থানীয় গডফাদাররা সুজনকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার আগের দিন রাতে বৈগ্রাম দক্ষিণপাড়ায় একটি বাড়িতে সুজনকে হত্যার ষড়যন্ত্র করা হয়। পুলিশ ঘটনার ছয় দিন অতিবাহিত হলেও মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। তাঁরা অবিলম্বে সুজনের হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।
এর আগে বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বৈগ্রাম প্রদক্ষিণ করেন।
হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) এমরানুল কবির বলেন, ঘটনায় নিহত সুজনের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ওই ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি ডিবি পুলিশের কাছে স্থানান্তর করা হয়েছে।