যুবলীগ নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম খান এবং যুবলীগ নেতা আবদুল হাকিমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গত মঙ্গলবার সমাবেশ করেছেন উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা ঢাকা-রংপুর মহাসড়কও অবরোধ করেন।
উপজেলার মাঝিরাবন্দর এলাকায় মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করা হয়। পরে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী ইমামের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে যুবলীগ নেতা বাদশা আলমগীর, কামরুল হুদা, সাজেদুর রহমান, আবদুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।
উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী ইমাম অভিযোগ করেন, গত রোববার বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ি হাটে খোট্টাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম খান (৩৪) এবং উপজেলা যুবলীগ সদস্য আবদুল হাকিমের ওপর সন্ত্রাসী হামলা হয়। শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে ফজলুল হকের নেতৃত্বে এই হামলা হয়। ওই ঘটনায় থানায় মামলাও করা হয়েছে। কিন্তু অভিযুক্তরা ধরা পড়েননি।
এদিকে বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম অভিযোগ করেন, গত কয়েক বছরে শাজাহানপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রামানন্দ দাস, যুবলীগ নেতা রঞ্জু প্রামাণিক ও দুখু মিয়া সন্ত্রাসীদের হাতে খুন হন। যুবলীগের আরেক নেতা নজরুল ইসলামের বসতবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। সন্ত্রাসী হামলায় পা হারিয়েছেন যুবলীগ নেতা সাজু আহম্মেদ। বাড়ি থেকে তুলে নিয়ে থানা হাজতে পুলিশ পায়ে গুলি করে পঙ্গু করে দিয়েছে যুবলীগ নেতা সাজেদুল ইসলামকে। এখনো তিনি পা হারিয়ে কারাগারে মানবেতর জীবন যাপন করছেন। কিন্তু এসব ঘটনায় এখনো জড়িত ব্যক্তিরা ধরা পড়েননি। যুবলীগ নেতা-কর্মীদের ওপর হামলাকারী এসব চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তারে পুলিশ ব্যর্থ হলে যুবলীগ কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবে।
অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে বহু যানবাহন আটকা পড়ে। পরে শাজাহানপুর থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের মহাসড়ক থেকে সড়িয়ে দেন। পরে যুবলীগ নেতা-কর্মীরা মহাসড়কের পাশে সমাবেশ করেন।