যুবলীগ নেতাদের হাতে ইউএনও লাঞ্ছিত!
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলমকে গতকাল রোববার শারীরিকভাবে লাঞ্ছিত করে স্বাক্ষর আদায় করেছেন যুবলীগের নেতা-কর্মীরা। ঠিকাদারি কাজের সিকিউরিটি মানি ফেরত চেয়ে না পেয়ে ক্ষুব্ধ নেতারা তাঁকে লাঞ্ছিত করে এই স্বাক্ষর আদায় করেন।ইউএনওর কার্যালয় থেকে জানানো হয়, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর অপর যুগ্ম আহ্বায়ক কামাল মিয়া ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়াকে সঙ্গে নিয়ে গতকাল দুপুরে ইউএনওর কার্যালয়ে যান। সেখানে আলমগীর তাঁর একটি ঠিকাদারি কাজের সিকিউরিটি মানি ফেরত পেতে ইউএনওকে দরখাস্তে স্বাক্ষর করতে বলেন। কিন্তু ইউএনও আলমগীরকে জানান, বিধি অনুযায়ী এখনই সিকিউরিটি মানি ফেরত দেওয়া যাবে না। এ নিয়ে ইউএনওর সঙ্গে যুবলীগের নেতাদের কথা-কাটাকাটি হয়। বিষয়টি সুরাহা না হওয়ায় তাঁরা বলে যান যে বিকেলে আবার আসবেন। কথামতো বেলা তিনটার দিকে মো. আলমগীর তাঁর অনুগতদের নিয়ে আবারও ইউএনওর কার্যালয়ে আসেন। আবেদনপত্রে স্বাক্ষর হয়েছে কি না, জানতে চান। বিধি অনুযায়ী স্বাক্ষর করা যায়নি বলামাত্র আলমগীর ক্ষিপ্ত হয়ে ইউএনকে প্রথমে অকথ্য ভাষায় গালাগালি করেন। একপর্যায়ে তাঁর অনুগতরা ইউএনওকে ধরে চেয়ার থেকে টেনেহিঁচড়ে সামনে নিয়ে আসেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে স্বাক্ষর আদায় করে তাঁরা উপজেলা পরিষদ ত্যাগ করেন।উপজেলা প্রকৌশল বিভাগ থেকে জানানো হয়, চলতি অর্থবছরে উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয় ও মিলনায়তন সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়। ২৪ লাখ টাকার বিনিময়ে তারা মিয়া এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। ওই সময় একটি কালভার্ট নির্মাণেরও দরপত্র আহ্বান করা হয়। ভাই ভাই এন্টারপ্রাইজ নামে অপর একটি প্রতিষ্ঠান কালভার্ট নির্মাণের কাজ পায়। ওই দুটি প্রতিষ্ঠান থেকে সাব-কন্ট্রাক হিসেবে কাজটি নেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর। যথাসময়ে তিনি দুটি কাজ সম্পন্ন করেন। এই কাজের সিকিউরিটি মানি জমা ছিল প্রায় আড়াই লাখ টাকা।ইউএনও শাহ আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আলমীগের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের কতিপয় নেতা-কর্মী গতকাল বিকেলে তাঁর কার্যালয়ে ঢোকেন। তাঁরা সিকিউরিটি মানি ফেরত পেতে আবেদনে স্বাক্ষর দেওয়ার জন্য চাপ দেন। বিধি অনুযায়ী আলমগীর এখনই সিকিউরিটি মানি ফেরত পেতে পারেন না। কারণ সরকারি ক্রয়নীতি ২০০৮ অনুযায়ী, কোনো কাজের সিকিউরিটি মানি এক বছর পর দেওয়ার বিধান রয়েছে। তাঁর কাজটি এক বছর হয়নি। বিধান বোঝানোর পরও তাঁরা স্বাক্ষর দিতে বলেন। তিনি সিদ্ধান্তে অনড় থাকার কারণে তাঁর ওপর চড়াও হন। পরে পরিস্থিতির শিকার হয়ে তিনি অনৈতিক কাজে স্বাক্ষর করতে বাধ্য হন বলে জানান।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছেন কি না, জানতে চাইলে ইউএনও বলেন, ‘পুরো বিষয়টি আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছি। বিষয়টি আইনগতভাবে দেখার অনুরোধ করেছি।’এ বিষয়ে জানতে যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। ‘মোটরসাইকেলে আছি’—এই বলে তিনি কলটি বিচ্ছিন্ন করে দেন। তবে মো. কামাল বলেন, ‘সিকিউরিটি মানি ফেরত আনতে সকালে আলমগীর আমাকে নিয়ে ইউএনওর অফিসে যান। স্বাক্ষর দেওয়া নিয়ে যখন ঝামেলা চলছিল, তখন আমরা উপজেলা প্রকৌশলী কৌশিক বরণ দেবনাথকে ইউএনওর সামনে আনি। উনি নিজে বলেছেন, সিকিউরিটি মানি ফেরত পেতে এক বছর প্রয়োজন হয় না। ছয় মাস হলেই দেওয়া যায়। বিষয়টি খোঁজ নিতে আলমগীর বিকেলে আবার ইউএনও অফিসে যান। তখন আমি তাঁর সঙ্গে ছিলাম না। কিছু হয়েছে কি না, তা-ও বলতে পারব না।’ তিনি অভিযোগ করেন, যেকোনো বিষয়ে বাড়াবাড়ি করা ইউএনওর স্বভাব।কুলিয়ারচর থানার ওসি মূয়ীদ চৌধুরী বলেন, ‘জেনেছি, আলমীগরসহ তাঁর লোকজন ইউএনও স্যারকে লাঞ্ছিত করেছেন। কিন্তু ইউএনও স্যারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি।’ ইউএনওর দাবি, মুঠোফোনে আপনাকে ঘটনাটি অবহিত করেছেন—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ফোন করলেও পুরো বিষয়টি খুলে বলেননি।