যুবলীগ নেতার ওপর শিবিরের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামানের ওপর শিবিরের কর্মীরা হামলা চালিয়ে চোখে আঘাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে তাঁর ওপর এ হামলার ঘটনা ঘটে।
যুবলীগের নেতা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার জের ধরে যুবলীগ ও ছাত্রশিবির পাল্টাপাল্টি মিছিল করেছে।
চিকিৎসাধীন কামরুজ্জামান গতকাল রোববার জানান, শনিবার রাতে উপজেলার শঠিবাড়ী বাজারের ব্যবসাকেন্দ্র থেকে তিনি মোটরসাইকেলে করে মিঠাপুকুরে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের হেনা মেমোরিয়াল কলেজের সামনে এলে মুখোশ পরা চার থেকে পাঁচজন সশস্ত্র যুবক মোটরসাইকেলটির গতি রোধ করে তাঁর ওপর হামলা চালান। যুবলীগের নেতার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়। শিবিরের ক্যাডাররাই এ হামলা চালিয়েছে বলে কামরুজ্জামান অভিযোগ করেন।
হাসপাতাল থেকে জানা গেছে, হামলায় যুবলীগের নেতার ডান চোখ ও ডান হাত গুরুতর জখম হয়েছে। হাসপাতালের চক্ষু বিভাগের কর্তব্যরত চিকিৎসক এম এ সাত্তার জানান, তাঁর চিকিৎসা চলছে। তবে রোগীর অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় গতকাল দুপুরে মিঠাপুকুর বাজারে যুবলীগ ও ছাত্রশিবির পাল্টাপাল্টি মিছিল করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।