যুবলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে গ্রেপ্তারের জের ধরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রশিবিরের কর্মীরা উপজেলা সদর হাজিরহাট বাজারে যুবলীগের এক নেতার ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছেন।
হামলাকারীদের বেধড়ক পিটুনিতে যুবলীগের ওই নেতা গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাঁকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাটোয়ারির হাট ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের (জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন) সাধারণ সম্পাদক মো. শিরাজ উদ্দিনকে গ্রেপ্তার করিয়ে দেওয়ার অভিযোগে ছাত্রশিবিরের কর্মীরা ওই ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক মো. এমরান হোসেন ওরফে মঞ্জুর আলমের ওপর হামলা চালান।
এ ঘটনার প্রতিবাদে উপজেলা যুবলীগ সন্ধ্যায় হাজিরহাট বাজারে বিক্ষোভ করে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেছে। বাজারের সব দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। উপজেলা যুবলীগের সভাপতি মো. ফজলুল হক দাবি করেন, ছাত্রশিবিরের কর্মীরা লাঠি ও রড দিয়ে পিটিয়ে মঞ্জুরকে গুরুতর আহত করে রক্তাক্ত অবস্থায় একটি ঘরে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আনোয়ার হোসেন দাবি করেন, যুবলীগ নেতা মঞ্জুর আলমকে পেটানোর ঘটনায় ছাত্রশিবিরের কর্মীদের কোনো সংশ্লিষ্টতা নেই। শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মো. শিরাজ উদ্দিনের সঙ্গে মঞ্জুর আলমের পারিবারিক বিরোধের জের ধরে ওই ঘটনা ঘটে থাকতে পারে।
কমলনগর থানার ওসি সুব্রত ব্যানার্জি বলেন, একটি পারিবারিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মো. শিরাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। শিরাজ উদ্দিনকে গ্রেপ্তারে ইন্ধন থাকার অভিযোগ করে ছাত্রশিবিরের কর্মীরা মঞ্জুর আলমের ওপর সন্ত্রাসী হামলা চালান।