যুবলীগ নেতার কবজি কেটে নিল দুর্বৃত্তরা
রংপুরে যুবলীগ নেতার দুই হাতের কবজি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
আহত যুবলীগ নেতার নাম হামিদুল খান (৩৪)। তিনি রংপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি। ঘটনার পরে রাতেই তাঁকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত ১২টার দিকে যুবলীগ নেতা হামিদুল খান রংপুর শহরের জাহাজকোম্পানি মোড়ের পাশে বাটার গলিতে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে হামিদুল খানের দুই হাতের কবজি কেটে নেয়। রংপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাক জানান, ঘটনা জানার পর পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়েছে। হামিদুল খান ডিশ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসা ও পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।
এ ব্যাপারে জেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজার রহমান জানান, এ ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে তা তিনি জানেন না।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান এম এ কাইয়ুম জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক। এ কারণে তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। এ ব্যাপারে হামিদুল খানের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।