পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বন্দর দিয়ে তরমুজ পরিবহনে চাষিদের কাছে থেকে প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় যুবলীগের এক নেতার নেতৃত্বে প্র্রভাবশালী ব্যক্তিরা বাহেরচর বন্দরে নতুন একটি ঘাট বসিয়ে তাঁদের পরিবহনে ওই ঘাট দিয়ে চাষিদের তরমুজ পরিবহনে বাধ্য করছেন। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রাঙ্গাবালীর বিভিন্ন গ্রামের ১৭ জন তরমুজচাষি মুঠোফোনে এই প্রতিনিধিকে জানান, উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ূন কবির তালুকদারের নেতৃত্বে রিয়াজ তালুকদার, বাবর তালুকদার, হাসান মল্লিক, রাসেল মল্লিক, অলিদ তালুকদারসহ ১০-১২ জন প্রভাবশালী ব্যক্তি বাহেরচর বন্দরের পুরোনো লঞ্চঘাটে একটি ঘাট বসিয়েছেন। তাঁরা ঢাকা থেকে একটি বড় কার্গো ও ১০টি ট্রলি ভাড়া করে এনেছেন। এলাকার তরমুজচাষিদের খেত থেকে তাঁদের ট্রলিতে তরমুজ পরিবহন ও তাঁদের ঘাট দিয়ে ওই কার্গোতে করে ঢাকায় পাঠাতে বাধ্য করা হচ্ছে। চাষিরা জানান, নিজেদের সুবিধামতো খেত থেকে ঢাকায় আড়ত পর্যন্ত পৌঁছাতে প্রতি হাজার তরমুজে খরচ হয় সর্বোচ্চ ১১ হাজার টাকা। কিন্তু প্রভাবশালী ব্যক্তিরা তাঁদের ট্রলি, ঘাট ও কার্গো বাবদ চাষিদের কাছ থেকে এক হাজার তরমুজে ১৮ থেকে ২০ হাজার টাকা আদায় করছেন। বাহেরচর গ্রামের তরমুজচাষি মো. ইউসুফ জানান, রাঙ্গাবালীর বিভিন্ন এলাকার খেত থেকে ট্রলিতে করে লঞ্চঘাটে তরমুজ পৌঁছাতে দূরত্ব অনুসারে হাজারপ্রতি খরচ এক হাজার থেকে দুই হাজার টাকা। অথচ প্রভাবশালী ব্যক্তিদের ট্রলিতে ভাড়া নির্ধারণ করা হয়েছে হাজারপ্রতি তিন হাজার টাকা। রাঙ্গাবালীর পশুরিবুনিয়া গ্রামের মনির হোসেন জানান, তিনি বুধবার তাঁর খেত থেকে তিন হাজার তরমুজ কেটেছেন। কিন্তু তিনি তাঁর সুবিধামতো তরমুজগুলো ঢাকায় পাঠাতে পারছেন না। আবার প্রভাবশালী ব্যক্তিদের পরিবহনে তরমুজগুলো ঢাকায় পাঠালে তিন হাজার তরমুজে প্রায় ২১ হাজার টাকা অতিরিক্ত খরচ হবে। তিনি বলেন, ‘তিন হাজার তরমুজ বিক্রি করে আমার ২১ হাজার টাকা লাভ অইবে না। অথচ বাজারে নেওনের আগেই নেতাগো ২১ হাজার টাকা বেশি দিয়ে যেতে হচ্ছে। আমরা নেতাগো হাতে জিমিঞ্চ অইয়া পড়লাম।’ বাহেরচর থেকে মো. মহিউদ্দিন জানান, এলাকায় এ বছর তরমুজের ফলন ভালো হওয়ায় তিনি আগে থেকেই মাসিক এক হাজার টাকা ভাড়ায় একটি ট্রলি বাহেরচরে এনেছেন। কিন্তু প্রভাবশালী ব্যক্তিরা তাঁকে ট্রলিটি চালাতে দিচ্ছেন না। রাঙ্গবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত হোসেন বলেন, ‘কোনো প্রভাবশালী নেতা কোনো চাষিকে বিশেষ কোনো পরিবহনে তরমুজ পাঠাতে বাধ্য করছে বলে আমার জানা নেই। তা ছাড়া আমার কাছে কোনো চাষি এ ব্যাপারে অভিযোগও করেনি।’ জানতে চাইলে হুমায়ূন কবির তালুকদার চাষিদের সব অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, ‘এলাকার কিছু বেকার লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে তরমুজ পরিবহনের ব্যবস্থা নেওয়া হয়েছে। চাষিরা অন্য কোনো পরিবহনে তরমুজ পাঠালেও তো তাদের টাকা দিতে হতো। সে ক্ষেত্রে এলাকার লোকজনই সেই টাকাটা পাচ্ছে। এতে তো সমস্যা হওয়ার কথা নয়।’ অতিরিক্ত টাকা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে কারও কাছ থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে না। তবে অন্য এলাকার কোনো ট্রলি এ এলাকায় আসতে দেওয়া হচ্ছে না। এ কারণে ওই ট্রলিগুলোর মালিকেরা কম টাকায় তরমুজ পরিবহন করতে চাচ্ছে। আমরা যা করেছি এলাকার চাষিদের মঙ্গলের কথা ভেবেই করেছি।’