কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম গোয়াখালীর বটতলীয়া পাড়া এলাকায় গত সোমবার রাত ১২টায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আজিমের গুলিতে মারা গেছেন ইয়ার মোহামঞ্চদ (৫৫) নামের এক ব্যক্তি।
নিহত ইয়ার মোহামঞ্চদ ওই এলাকার সাবেক ইউপি সদস্য আবুল হাশেমের ছেলে। মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ইয়ার মোহামঞ্চদ বাধা দিতে গেলে নুরুল আজিম এ ঘটনা ঘটান। পুলিশ এ ঘটনায় ওই যুবলীগ নেতার বাবা ও স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম ছোবহানকে গ্রেপ্তার করেছে।
নিহত ব্যক্তির স্ত্রী জান্নাত আরা বলেন, ‘যুবলীগ নেতা নুরুল আজিমসহ ছয়-সাতজন বখাটে রাত ১২টায় অস্ত্রশস্ত্র নিয়ে বসতবাড়িতে হামলা করে আমার মেয়েকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় আমার স্বামী বাধা দেওয়ায় তাঁকে গুলি করে হত্যা করে মেয়েকে অপহরণ করে নিয়ে যায় তারা।’ তিনি আরও বলেন, গুলিটি ইয়ার মোহামঞ্চদের বুক ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যায়। চার বছর ধরে নুরুল আজিমকে যুবলীগের বিভিন্ন সভা-সমাবেশে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হলেও গতকাল মঙ্গলবার দুপুরে পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি এম শহিদুল ইসলাম চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নুরুল আজিম যুবলীগের কেউ নয়। কারও ব্যক্তিগত কর্মী হিসেবে ব্যবহার হয়ে থাকলে আমার করার কী আছে?’ পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন আহমেদ বলেন, লাশ উদ্ধার করে কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুরুল আজিমের বাবা গোলাম ছোবহানকে আটক করা হয়েছে।