যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
সাতক্ষীরা সদর উপজেলায় যুবলীগের এক নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে লাবসা ইউনিয়নের বিনেরপোতা এলাকায় নিজ বাসা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
আবুল হোসেন মিলন (৩২) বিনেরপোতা ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর স্ত্রী শিরিনা বেগম বলেন, গত সোমবার দুপরে তাঁর স্বামী পাশের বসুন্ধরা গুচ্ছগ্রামে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে জিয়াউর রহমান, আবদুল মান্নান, মিন্টু, মিজানুর রহমানসহ কয়েকজন মিলনকে মারধর করেন। পরে উল্টো তাঁর বিরুদ্ধে মারামারির অভিযোগ এনে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রাতে লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান থানা থেকে তাঁকে ছাড়িয়ে আনেন। বাড়ি এসে তিনি বলছিলেন, তাঁকে অন্যায়ভাবে মারধর করে মিথ্যা অভিযোগে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ মুখ আর পরিচিতজনদের কীভাবে দেখাবেন। গতকাল ভোর পাঁচটার দিকে স্বামীকে ঘরের আড়ায় দড়িতে ঝুলতে দেখেন শিরিনা।
অভিযুক্ত জিয়াউর রহমান বলেন, ‘কয়েক যুবক মিলনকে মারধর করে। পুলিশকে জানালে তারা এসে মিলনসহ কয়েকজনকে থানায় নিয়ে যায়।’