ঝিনাইদহের কালীগঞ্জে মেয়েদের উত্ত্যক্তের প্রতিবাদকারীর ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা কামাল হোসেনের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। স্থানীয় যুবলীগ গতকাল মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরে মেইন বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করে।
উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসরাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, কামাল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একজন জনদরদি মানুষ এখন পুলিশের ভয়ে বাড়িছাড়া।
বক্তারা আরও বলেন, কামাল হোসেন কাষ্টভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও কাষ্টভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য। তাঁকে হয়রানি করতে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করা হয়।
কালীগঞ্জে কলেজ ও স্কুলপড়ুয়া দুটি মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত গ্রামের কিছু বখাটে যুবক। বিষয়টির প্রতিবাদ করেছিলেন তাদের বাবা। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৬ অক্টোবর সকালে ওই ব্যক্তির ওপর হামলা করে দুর্বৃত্তরা। তাঁকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়া হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর দুটি পা কেটে ফেলতে হয়েছে। এ ঘটনায় কামাল হোসেনকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা করা হয়।