যুবলীগ নেতার নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঞ্ছারামপুর উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বাল্কহেডে ভরা হচ্ছে। গতকাল কড়িকান্দি ফেরিঘাট–সংলগ্ন এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
বাঞ্ছারামপুর উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বাল্কহেডে ভরা হচ্ছে। গতকাল কড়িকান্দি ফেরিঘাট–সংলগ্ন এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মেঘনা নদী থেকে যুবলীগ নেতার নেতৃত্বে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দেশীয় একটি খননযন্ত্র (ড্রেজার) দিয়ে বালু তোলা হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাহেরচর গ্রামের বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সদস্য মো. আবদুল করিমের নেতৃত্বে সাত-আটজন ব্যক্তি গতকাল সকাল ১০টা থেকে একটি খননযন্ত্র মেঘনা নদীর কড়িকান্দি ফেরিঘাট এলাকায় স্থাপন করেন। এঁদের সঙ্গে রয়েছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার টেটিয়া গ্রামের বাসিন্দা বিষনন্দী-কড়িকান্দি ফেরিঘাটের ইজারাদার মাহবুব আল রহমান।
গতকাল দুপুর ১২টার দিকে কড়িকান্দি ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, ফেরিঘাটের পন্টুন থেকে প্রায় ২০০ মিটার পশ্চিম দিকে মেঘনা নদীতে ‘আলহামদুলিল্লাহ ড্রেজার’ নামের একটি খননযন্ত্র বসিয়ে নদী থেকে বালু তুলে একটি বাল্কহেডে বালু ভরা হচ্ছে। আরও ছয়-সাতটি বাল্কহেড বালু নিতে অপেক্ষা করছে। সাত-আটজন খননযন্ত্র পাহারা দিচ্ছেন।
আড়াইহাজার উপজেলার বিষনন্দী গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর বলেন, ‘আড়াইহাজার ও বাঞ্ছারামপুরের কয়েকজন মিলে আজ (গতকাল বৃহস্পতিবার) থেকে একটি ড্রেজার নদীতে বসাইছে। আমি সবার নামও জানি না।
ফেরিঘাটের ইজারাদার আতিয়া এন্টারপ্রাইজের মালিক মাহবুব আল রহমান বলেন, ‘ফেরি চলাচলের রুটে মেঘনা নদীতে ডুবোচর রয়েছে, যেখানে প্রায়ই ফেরি আটকে যায়। সেই লাইনটি পরিষ্কার করতে আজ একটি ড্রেজার নদীতে বসানো হয়েছে। কয়েক দিনের জন্য ড্রেজারটি বসানো হয়েছে। কোনো বাণিজ্যের জন্য নয়। নারায়ণঞ্জের সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা নদীতে ড্রেজার বসানোর বিষয়ে জানেন।’
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সদস্য আবদুল করিম বলেন, ‘ফেরিঘাট এলাকায় ডুবোচর রয়েছে। সেই চর কাটতে নারায়ণগঞ্জের সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার দুই জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন দেওয়া হয়েছে। সেই আবেদনের কপি আমি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে দিয়েছি। আজ আমার কাছে সেই কপি নাই, আগামীকাল (আজ শুক্রবার) আপনাকে দেখাতে পারব। কয়েক দিন আগে ইউএনও স্যারকে বালু উত্তোলনের বিষয়ে আমরা জানিয়েছি।’
তবে এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-খাজা আলামীন বলেন, ‘আমাকে জানানো হলেই কি সব হয়ে যাবে নাকি?। মেঘনা নদী থেকে বালু উত্তোলন করতে আমি কাউকেই বলিনি। কেউ নদী থেকে বালু উত্তোলন করলে আমি ব্যবস্থা নিব।’
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, ‘আমাকে সকালে ফেরিঘাট এলাকা থেকে একজন জানিয়েছে, নদী থেকে কিছুসংখ্যক লোক বালু উত্তোলন করে নিচ্ছে। এ ছাড়া এ বিষয়ে আমি কিছুই জানি না বা কেউ কোনো কাগজপত্র দেয়নি থানায়।’
সওজ নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামসুদ্দিন নান্নু গতকাল প্রথম আলোকে বলেন, ‘নদী থেকে বালু উত্তোলন সওজের কোনো বিষয় না। নদী থেকে বালু উত্তোলন করতে সওজের পক্ষ থেকে কোথাও কোনো আবেদন করা হয়নি।’