যুবলীগ নেতার নেতৃত্বে দরপত্র ছিনতাই!
নড়াইলের লোহাগড়া পৌরসভার হাটবাজার ইজারার জন্য আহ্বান করা দরপত্র বাক্স ভেঙে ছিনতাই করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে লোহাগড়া পৌরসভা কার্যালয়ে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের অভিযোগ, যুবলীগের নেতা জিয়াউর রহমান শিকদারের নেতৃত্বে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। মেয়র জানিয়েছেন, ছিনতাই হওয়া দরপত্রগুলো পরে পাওয়া গেছে।লোহাগড়া পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, লোহাগড়া হাটবাজার, লোহাগড়া পশুর হাট ও লক্ষ্মীপাশা হাটবাজারের ইজারার জন্য মোট ১০ লাখ টাকার এই দরপত্র গত ১৭ ফেব্রুয়ারি আহ্বান করা হয়। বিক্রি হয়েছিল ২৯টি ও জমা পড়ে ছয়টি। মঙ্গলবার ছিল পৌর এলাকার তিনটি হাটবাজারের দরপত্র দাখিলের শেষ দিন।দরপত্র দাখিলকারী লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শিকদার মিজানুর রহমান অভিযোগ করেন, ‘উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান শিকদারের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল যুবক দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায়। লোহাগড়া বাজার নিয়ে এই ছিনিমিনি খেলা সহ্য করা হবে না। প্রয়োজনে বাজার বন্ধ করে দেওয়া হবে। এ বিষয়ে করণীয় ঠিক করতে লোহাগড়া বাজারের ব্যবসায়ী ও সুধীমহল নিয়ে আজ (বুধবার) সভা ডাকা হয়েছে।’উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সদরুদ্দিন শামীম বলেন, ‘এই দরপত্রের একটি সমঝোতার (নেগোসিয়েশন) সিদ্ধান্ত হয়েছিল। সিদ্ধান্তের মধ্যে আমিও ছিলাম। তার পরও দরপত্র ছিনতাই হওয়ায় আমারও অসম্মান হয়েছে। দরপত্র কমিটির আহ্বায়ক কাউন্সিলর শাহাদত হোসেন শিকদারের সামনেই এ ছিনতাই হয়েছে। এ ধরনের কাজ আমি সমর্থন করি না।’কাউন্সিলর শাহাদত হোসেন শিকদার বলেন, যুবলীগ-ছাত্রলীগের কিছু যুবক বাক্স ভেঙে দরপত্রগুলো ছিনতাই করেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। ইউএনও অরুণ কুমার মণ্ডল বলেন, মেয়রের কাছ থেকে ছিনতাই হওয়ার বিষয়টি তিনি জেনেছেন। তাঁকে পুলিশে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। পৌর মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর বলেন, ছিনতাই হওয়া দরপত্রগুলো পরে পাওয়া গেছে। দরপত্র কমিটির সঙ্গে বসে পরবর্তী করণীয় ঠিক করা হবে। যুবলীগের নেতা জিয়াউর রহমান শিকদার মুঠোফোনে প্রথম আলোর কাছে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি নিজে শিডিউল জমা দিইনি। যুবলীগ ও ছাত্রলীগের কিছু বন্ধু দরপত্র জমা দিয়েছিল। তাদের সহযোগিতার জন্য সেখানে গিয়েছিলাম। কিছু অনিয়মের প্রতিবাদও করেছি। তবে দরপত্র ছিনতাই হওয়ার সময় সরেজমিন উপস্থিত ছিলাম না। কারা তা ছিনতাই করেছে তা জানি না।’ উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম বলেন, দরপত্র ছিনিয়ে নেওয়া ঠিক হয়নি। এর সঙ্গে যুবলীগের কেউ জড়িত থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।