যুবলীগ নেতার নেতৃত্বে হামলা ব্যবসায়ী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের সূত্রাপুর-গোহাইল সড়কে গতকাল বুধবার দুপুর একটার দিকে সাউদ শেখ (২৫) নামের এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী অভিযোগ করেছেন, বগুড়া জেলা অটো টেম্পো সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক ও যুবলীগের ক্যাডার আলহাজ শেখ ও তাঁর সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছেন। ঘটনার পরপরই পুলিশ আলহাজ শেখের কার্যালয়ে তল্লাশি চালিয়ে বেশ কিছু ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সূত্রাপুর এলাকার কোব্বাদ শেখের ছেলে সাউদ শেখের একটি দোকান আছে সূত্রাপুর-গোহাইল সড়কে। শাহিল স্টোর নামের একটি দোকানের সামনে থেকে প্রতিদিন অটোটেম্পো রেখে যাত্রী উঠা-নামানো হয়। গতকাল দুপুর ১২টার দিকে সাউদ শেখ তাঁর দোকানের সামনে থেকে অটোটেম্পো চালকদের সরিয়ে নিতে বলেন। এ নিয়ে বাগিবতণ্ডা হয়। আধা ঘণ্টা পর আলহাজ শেখের নেতৃত্বে একদল সন্ত্রাসী সেখানে গিয়ে দোকান ভাঙচুর করে এবং রামদা দিয়ে উপর্যুপরি কুপিয়ে সাউদ শেখকে ফেলে রেখে চলে যায়। গুরুতর আহত অবস্থায় সাউদকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশেপাশে তল্লাশি শুরু করে। এরপর সিএনজি মালিক সমিতির কার্যালয়ের তালা ভেঙে ভেতরে তল্লাশি চালায়। সেখান থেকে একটি চাপাতি, একটি রামদা, কিরিচ ও কয়েকটি ছুরি উদ্ধার করা হয়। বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, আলহাজ শেখ ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, আলহাজ অনেক আগে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল। সে একটি হত্যা মামলায় সাজা খেটেছে। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় জানান, আলহাজ জেলা যুবলীগের সহ-অর্থবিষয়ক সম্পাদক।