যুবলীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল পৌর শহরে সোহেল গাজী নামে যুবলীগের এক নেতার বাড়িতে পুলিশের অভিযানের প্রতিবাদে বিক্ষোভ করেছেন তাঁর সহযোগীরা। গত সোমবার দিবাগত রাত একটা থেকে রাত দেড়টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এ সময় পৌর শহরে গুলির শব্দ শোনা যায়৷ এতে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুরের সন্ত্রাসী জিসান বাহিনীর প্রধান জিসানসহ কয়েকজন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে উপজেলা যুবলীগের সদস্য সোহেল গাজীর বাড়িতে অবস্থান করছেন—এ খবরের ভিত্তিতে রাত ১২টার দিকে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়৷ অভিযানকালে যুবলীগের নেতা সোহেল বাড়িতে ছিলেন না। পুলিশ বাড়ির প্রতিটি কক্ষে তল্লািশ চালিয়েও কাউকে পায়নি। এ ঘটনার পর রাত একটার দিকে সোহেলের ৩৫-৪০ জন সমর্থক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলকারীরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন৷ এ
সময় বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, একপর্যায়ে সোহেলের সমর্থকেরা থানার সামনের সড়কে গিয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেন৷ কিছু সময় বিক্ষোভ করে সোহেলের সমর্থকেরা সেখান থেকে চলে যান৷
এদিকে এ সম্পর্কে বক্তব্য জানতে গতকাল মঙ্গলবার বিকেলে সোহেল গাজীর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সোহেলদের বাড়িতে চিহ্নিত কিছু সন্ত্রাসী
অবস্থান করছে মর্মে তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়৷ কিন্তু কাউকে পাওয়া যায়নি। এরপর রাতে সোহেলের কিছু সমর্থক সামান্য হইচই করার চেষ্টা করে।’