যুবলীগ নেতার বাবাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলায় গতকাল রোববার যুবলীগের এক নেতার বাবাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। একই দিন আওয়ামী লীগের এক সমর্থকের লোকজন বিএনপির এক সমর্থককে গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলোকবালি ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেনের বাবা লিয়াকত আলীকে (৬০) তাঁর বসতবাড়িতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় তিনি ঘরে একা ছিলেন।এদিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল নয়টায় আওয়ামী লীগ-সমর্থক সাব মিয়া ও বিএনপি-সমর্থক মিজান মিয়ার লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে সকাল ১০টার দিকে সাব মিয়ার লোকজন মিজান মিয়ার পক্ষের খোরশেদ মিয়াকে (৫০) গুলি করে। স্থানীয় লোকজন তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে সাব মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। যুবলীগের নেতা বিল্লাল হোসেন বলেন, ‘কী কারণে, কারা আমার বাবাকে হত্যা করেছে, তা বুঝতে পারছি না। রাজনীতি করি আমি, আমার বাবা তো রাজনীতি করেন না।’সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, যুবলীগের নেতার বাবাকে কেন হত্যা করা হয়েছে, তা বলা যাচ্ছে না। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর গুলি করে বিএনপি-সমর্থককে আহত করার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।