গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ি গ্রামে আশ্রয়ণ প্রকল্পের মাটি ভরাট কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রভাব খাটিয়ে প্রকল্পের চেয়ারম্যান ও নাকাই ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজু মিয়া নিয়ম ভঙ্গ করে শ্রমিকের পরিবর্তে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে প্রকল্পে মাটি ভরাট করেছেন।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, এ কাজে সাজু মিয়া মাত্র আট লাখ টাকার মতো ব্যয় করে প্রায় ১৩ লাখ টাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে আত্মসাৎ করেছেন। সাজু মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নিয়মানুযায়ী কাজ করা হয়েছে। দ্রুত সময়ে কাজ সম্পন্ন করার জন্য শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে মাটি ভরাট করা হয়েছে।’তদারকির দায়িত্বে নিয়োজিত গোবিন্দগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নায়েব আলী কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘সরকারি নীতিমালা অনুযায়ী শ্রমিক দিয়ে আশ্রয়ণ প্রকল্পের মাটি ভরাট কাজ করার কথা। এতে প্রকল্পের কাজ চলাকালে শ্রমিকদের কর্মসংস্থানের পাশাপাশি মাটি ভরাটও হয়। আমি শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে মাটি ভরাট কাজে বাধা দিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি।’কুমারগাড়ি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল কাফি বলেন, ‘আমি প্রথমে আবাদি জমি থেকে বালু তুলতে দিতে চাইনি। অনেক বুঝিয়ে আমাকে ও কুমারগাড়ি গ্রামের কৃষক আবদুল করিম ও দহির মিয়াকে মোট এক লাখ ৪৫ হাজার টাকা দিয়ে ওই বালু কিনে নিয়েছেন সাজু মিয়া।’শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্রের মালিক আজাদুল জানান, সাজু মিয়া তাঁকে মেশিন বাবদ চার লাখ টাকা ভাড়া দিয়েছেন। তাঁর মতে বালু কেনা, বালু উত্তোলন ও অন্যান্য খরচসহ আট লাখ টাকার বেশি খরচ হবে না। গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন জানান, দুই একর ৪৫ শতক জায়গায় তিন ফুট উঁচু করলে তিন লাখ ২০ হাজার ১৬৬ ঘনফুট (সিএফটি) মাটি দরকার। শ্রমিক দিয়ে এ পরিমাণ মাটি ভরাট করতে ১২ লাখ ৮৫ হাজার টাকা খরচ হবে। এ হিসাবেই এলজিইডির মাটির কাজ হয়ে থাকে। তবে যন্ত্র দিয়ে মাটি ভরাট করলে খরচ অর্ধেক লাগার কথা।গোবিন্দগঞ্জ পিআইও কার্যালয় সূত্র জানায়, আশ্রয়ণ প্রকল্পের আওতায় কুমারগাড়ি গ্রামে দুই একর ৪৫ শতক খাস জমিতে মাটি ভরাটের জন্য ১০৫ মেট্রিক টন গম বরাদ্দ পাওয়া যায়। প্রতি টন ২০ হাজার টাকা দরে এর মূল্য প্রায় ২১ লাখ টাকা। ইতিমধ্যে শতকরা ৮০ ভাগ গম বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি বছরের ১৯ এপ্রিল মাটি ভরাটের কাজ শুরু হয়ে ২৫ জুন শেষ হয়।