যুবলীগ নেতার বিরুদ্ধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে পৃথক তিনটি ঘটনায় তিন ব্যক্তি খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন সময়ে জেলার মনোহরদী, রায়পুরা ও পলাশ উপজেলায় এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন, মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজার এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে মকবুল মিয়া (২৫), রায়পুরা উপজেলার বাখননগর ইউনিয়নের গোপালপুর গ্রামের আবদুর রহমানের ছেলে কাদির মিয়া (৫০) ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পুবাইল এলাকার মনছুর আলী (৪০)। এদের মধ্যে মনোহরদীর একদুয়ারিয়া ইউনিয়ন যুবলীগের নেতার বিরুদ্ধে মকবুল মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা যায়, মনোহরদীর হাতিরদিয়া বাজার এলাকার শহিদুল্লাহ মিয়ার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে তৃতীয় মকবুল মিয়া। তিনি গাজীপুরের একটি পোশাকশিল্পে চাকরি করতেন। গত বুধবার রাতে তিনি ছুটিতে বাড়িতে আসেন। ভোরে বাড়ির সামনে থেকে মকবুলকে বাজারের পাহারাদার ছানাউল্লাহ মিয়া ধরে নিয়ে যান এবং বাজার পরিচালনা পর্ষদের হাতে সোপর্দ করেন। সকাল আটটার দিকে বাজার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ও একদুয়ারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তাঁকে এলোপাতাড়ি পেটাতে থাকেন।একপর্যায়ে মকবুল মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। বাজারের পাহারাদারেরা তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।স্থানীয় একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার পরিচালনা পর্ষদের সভাপতি আবদুর রশিদ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, মকবুল মাদকসেবী। তিনি তাঁদের বাড়ির সামনের এক আত্মীয়ের দোকানে চুরির চেষ্টা চালালে পাহারাদারেরা তাঁকে আটক করেন। এই অপরাধে তাঁকে পিটিয়ে হত্যা করা আইনসংগত কি না—এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। তবে দোকানের মালিক আলমগীর হোসেন বলেন, ‘আমার দোকানে কোনো চুরির ঘটনা ঘটেনি। এমনকি চুরির কোনো আলামতও নেই।’অপরদিকে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মমিনুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উপজেলার দুর্গম চরাঞ্চল বাখননগর ইউনিয়নের গোপালপুর গ্রামের আবদুর রহমানের তিন ছেলে আবুল কাশেম, ফজলুর রহমান ও আবদুল কাদিরের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর মধ্যে বড় ভাই আবুল কাশেম ও ফজলুর রহমানের মধ্যে স্থানীয়ভাবে মীমাংসা হয়। তবে কাশেম ও কাদিরের মধ্যে বিরোধ বিদ্যমান ছিল। এরই জের ধরে গতকাল (বুধবার) গভীর রাতে আবুল কাশেম দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আবদুল কাদিরকে কুপিয়ে হত্যা করেন।এ ছাড়া পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের নারগানা এলাকায় শীতলক্ষ্যা নদীতে বৃহস্পতিবার ভোরে ইঞ্জিনচালিত মালবোঝাই দুই নৌকার সংঘর্ষের জের ধরে এক মাঝি অপর মাঝি মনসুর আলীকে পিটিয়ে হত্যা করেন। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান বলেন, ‘ঘটনাটি কেবলই একটি দুর্ঘটনা। লাশটি নদীর কালীগঞ্জ থানার অংশে পাওয়া গেছে বলে শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ কিংবা মামলা করেনি।’