যুবলীগ নেতার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে যুবলীগের এক নেতা ও তাঁর সহযোগীরা ১৫টি সরকারি গাছ কেটে সাবাড় করেছেন। তবে তিন দিনেও এ ব্যাপারে কোনো মামলা না হওয়ায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, উপজেলার উদয়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ও তাঁর সহযোগীরা গত বৃহস্পতিবার তালোড়া বাইগুনী গ্রামের কানাইপুকুর পাড়ে লাগানো গাছ কাটা শুরু করেন। সেখানে প্রায় ১৫০টি ইউক্যালিপটাস প্রজাতির গাছ লাগানো ছিল। গাছ কাটতে দেখে ইউনিয়ন ভূমি কার্যালয়ে খবর দেওয়া হয়। সেখানকার উপসহকারী তহশিলদার আতোয়ার রহমান ঘটনাস্থলে এলেও যুবলীগ নেতার লোকজনের বাধায় ফিরে যান। পরে গ্রামবাসী ইউএনওকে বিষয়টি জানালে তাঁর নির্দেশে শুক্রবার দ্বিতীয় দফা তহশিলদার আসেন। এ সময় তিনি ১০টি কাটা গাছের গোড়া আটক করেন। কিন্তু গতকাল শনিবার পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি।তালোড়া বাইগুনী গ্রামের সাহাজাহান আলী অভিযোগ করেন, কামরুজ্জামান ও তাঁর জ্যাঠাতো ভাই নূর ইসলামসহ কয়েকজন সরকারি গাছগুলো কাটা শুরু করেন। তাঁরা ক্ষমতাসীন দলের হওয়ায় প্রশাসন বিষয়টি ধামাচাপা দিতে চাইছে।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমজাদ হোসেন বলেন, ‘গ্রামবাসী ইউনিয়নের ভূমি কার্যালয় আর ইউএনওকে বিষয়টি না জানালে সব গাছই কাটা পড়ত। এখন যুবলীগের নেতাকে বাঁচাতে ঘটনা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে।’উপসহকারী তহশিলদার আতোয়ার রহমান বলেন, ‘১০টি কাটা গাছের কাণ্ড আটক করা হয়েছে। এখন ইউএনও স্যার নির্দেশ দিলে মামলা হবে।’ যুবলীগের অভিযুক্ত নেতা কামরুজ্জামান বলেন, ‘জায়গাটি আমাদের কেনা। গাছগুলোও ব্যক্তিগতভাবে লাগানো। স্থানীয় বিএনপির কিছু লোক রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে নাজেহাল করতে এরকম প্রচার চালাচ্ছে।’