যুবলীগ নেতার বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার অভিযোগ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় যুবলীগের এক নেতা ও আওয়ামী লীগের এক কর্মীর বিরুদ্ধে ৪০-৫০টি হিজলগাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অনেকে জানান, উপজেলার বাগবাড়ী নোয়াগাঁও গ্রামের পেছনে সরকারি প্রায় পাঁচ একর ৬০ শতক জায়গায় হিজলের বাগান রয়েছে। এই বাগানটি রক্ষণাবেক্ষণের জন্য সরকারি কোনো লোকবল না থাকায় গাছ কেটে নিয়ে যাচ্ছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। অভিযোগ রয়েছে, ৮ সেপ্টেম্বর নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি আজিজুল মিয়া ও আওয়ামী লীগের কর্মী কোরবান আলী লোক দিয়ে গত এক সপ্তাহে ওই বাগানের ৪০-৪৫টি গাছ কেটে নিয়েছেন। পরে গাছগুলো তাঁরা আশপাশের জলমহালের ইজারাদারের লোকজনের কাছে বিক্রি করেন। কোরবান ও আজিজুল অভিযোগ অস্বীকার করে বলেন, সংঘবদ্ধ একটি চোরের দল এই গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। দলের সুনাম ক্ষুণ্ন করতে কোনো মহল তাঁদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করছে। স্থানীয় সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বারী চৌধুরী বলেন, ‘আমাদের সংগঠনের কেউ গাছ কাটার সঙ্গে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ জয়শ্রী ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা রাজীব কান্তি দেবনাথ বলেন, এই বাগানের সাম্প্রতিক অবস্থা তুলে ধরে একটি প্রতিবেদন কয়েক দিন আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।