যুবলীগ নেতার বিরুদ্ধে চীনা কোম্পানির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের কাজে বাধা ও মারধরের অভিযোগে যুবলীগের স্থানীয় এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। কেন্দ্রের ৪ নম্বর ইউনিটের ইনচার্জ মি. হান্টার গতকাল মঙ্গলবার পলাশ থানায় মামলাটি করেন।

যুবলীগের অভিযুক্ত নেতার নাম হামিদ মিয়া। তিনি ঘোড়াশাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৪ নম্বর ইউনিটটি ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। এ ইউনিটের উৎপাদনক্ষমতা বাড়িয়ে ৪০০ মেগাওয়াটে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনের প্রতিষ্ঠান ওয়ান টেক পাওয়ার ইঞ্জিনিয়ারিং। প্রকল্প বাস্তবায়নের জন্য শ্রমিক নিয়োগ করা হচ্ছে। হামিদ তাঁর পছন্দের শ্রমিকদের নিয়োগ দেওয়ার জন্য প্রকল্পের ইনচার্জ হান্টারকে চাপ দেন। হান্টার যুবলীগ নেতার চাপে নতিস্বীকার না করে বিধি অনুযায়ী শ্রমিক নিয়োগের পরিকল্পনার কথা জানান। এতে হামিদ ক্ষুব্ধ হন। গত সোমবার বিকেলে কাজ শেষে বাড়ি ফিরছিলেন প্রকল্পের শ্রমিকেরা। ফেরার পথে হামিদের নেতৃত্বে পাঁচ-ছয়জন শ্রমিকদের ওপর হামলা চালান। ওই সময় তাঁরা শ্রমিকদের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন এবং কাজে না যাওয়ার জন্য নানা হুমকি দেন।

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, স্থানীয় নেতাদের অনেকে প্রকল্প থেকে সুবিধা আদায়ের চেষ্টা করেছেন। সুবিধা আদায় হয়নি বলে শ্রমিক পেটানোর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে।

অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা হামিদ মিয়া বলেন, ‘এক সপ্তাহ আগে কে বা কারা প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন। যাঁরা কাজটি করতে চেয়েছিলেন, তাঁদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সোমবার আমি প্রকল্প এলাকা ঘুরতে গিয়েছিলাম। এতেই চীনা কোম্পানির কর্মকর্তারা আমাকে ভুল বুঝে ফাঁসিয়ে দিয়েছেন।’।