যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রীকে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধায় যুবলীগের নেতার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় ছাত্রীটির বাবা গতকাল শনিবার হাতীবান্ধা থানায় মামলা করেছেন। মামলা তুলে নেওয়ার জন্য ওই নেতার লোকজন ছাত্রীর পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিন্দুর্ণা ইউনিয়নের পূর্ব সিন্দুর্ণা গ্রামের ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন দুই সন্তানের জনক ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (৩২)। এতে রাজি না হওয়ায় শহিদুল তাকে তুলে নেওয়ার হুমকি দেন। শুক্রবার সকালে ওই ছাত্রী তার দাদার বাড়ি যাচ্ছিল। পথে কলেজগেট এলাকা থেকে তাকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যান শহিদুল ও তাঁর সহযোগীরা। শহিদুল ওই ইউনিয়নের দক্ষিণ সিন্দুর্ণা গ্রামের রইসউদ্দিন মাস্টারের ছেলে।প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ছাত্রীটিকে মোটরসাইকেলে তোলার সময় সে চিৎকার করলেও শহিদুল ও তাঁর লোকজনের ভয়ে কেউ এগিয়ে আসেনি।শহিদুলের ভাই শাহীন গতকাল বলেন, ঘটনার সত্য-মিথ্যা তিনি জানেন না। শহিদুলের সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হয়েছে। এ ঘটনায় শহিদুল জড়িত নন বলে তিনি তাঁকে জানিয়েছেন।হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস সরকার বলেন, ‘মেয়েটিকে উদ্ধারসহ আসামিদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।’