যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জাতীয় পার্টির কুয়াকাটা পৌর কমিটির আহ্বায়ক আনোয়ার হাওলাদারের জমি দখল করে নেওয়া হয়েছে। পৌর যুবলীগের সভাপতি সাগর মোল্লার নেতৃত্বে শনিবার সকালে পাঞ্জুপাড়া এলাকার ওই জমি দখল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আনোয়ার হাওলাদার জানান, ক্রয়সূত্রে পাঞ্জুপাড়া এলাকার এক একর জমিতে ১৯৬৯ সাল থেকে তাঁরা বসবাস করে আসছেন। ২০০৯ সালে স্থানীয় নুরুল ইসলাম মোল্লা ওই জমির মালিকানা দাবি করলে এ নিয়ে আদালতে মামলা হয়। একটি মামলায় তাঁর পক্ষে আদালতের রায় রয়েছে। ওই রায়ের বিরুদ্ধে নুরুল ইসলাম আপিল করেন।আনোয়ার হোসেন অভিযোগ করেন, গত বৃহস্পতিবার পটুয়াখালীর সহকারী জজ আদালত মামলার পরবর্তী তারিখ ১৪ নভেম্বর ২০১২ পর্যন্ত ওই জমিতে স্থিতাবস্থার আদেশ দেন। কিন্তু সাগর মোল্লার নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা শনিবার ওই জমির কিছু অংশ দখল করে একটি ঘর তোলেন। তিনি তাত্ক্ষণিকভাবে বিষয়টি কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ি ও কলাপাড়া থানার কর্মকর্তাদের জানিয়েছেন। নুরুল ইসলাম মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। যুবলীগের নেতা সাগর মোল্লা তাঁর বিরুদ্ধে আনা জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন। কলাপাড়া ও গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, আদালতের কাগজ দেখা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।