যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের বিরুদ্ধে ২০ শতাংশ জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। জমিটি নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি এ এইচ আসলাম সানীর শিল্পপ্রতিষ্ঠানের। আসলাম সানী অভিযোগ করেন, ফতুল্লার শাসনগাঁও এলাকায় তাঁর শিল্পপ্রতিষ্ঠানের ৭০ শতাংশ খালি জমির ২০ শতাংশ গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর দখল করে সেখানে সাইনবোর্ড লাগানোর চেষ্টা করেন শাহ নিজাম ও তাঁর সহযোগীরা। এ সময় কারখানার শ্রমিকেরা বাধা দিলে দখলের চেষ্টাকারীরা পালিয়ে যান। এর পর থেকে প্রায় প্রতিদিনই তাঁরা জমিটি দখলের নানা চেষ্টা চালাচ্ছেন। জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ও তাঁর কয়েকজন বন্ধু মিলে একটি সিন্ডিকেট গঠন করে জমি কেনাবেচার ব্যবসা করেন। শাসনগাঁওয়ের আসলাম সানীর দখলে থাকা ৭০ শতাংশ জমির মধ্যে ৩২ শতাংশ তাঁদের। তাঁরা ওই জমির দখল নিতে গিয়েছিলেন। কিন্তু সন্ত্রাসীদের বাধার কারণে তাঁরা ফিরে আসতে বাধ্য হন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, যুবলীগ নেতা শাহ নিজামকে তাঁর মালিকানা দাবি করা জমির কাগজপত্র নিয়ে থানায় আসতে বললেও পরে তিনি আর যোগাযোগ করেননি।