যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টারঅভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে যুবলীগের কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম মোল্লার বিরুদ্ধে এক দুস্থের জমি দখলের অভিযোগ উঠেছে। গত শনিবার বিকেলে ভুক্তভোগী রুস্তম আলী ভূঁইয়া বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

সিরাজুলের পক্ষের লোকজন গত শুক্রবার বিকেলে ১০টি গুলি ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রুস্তমের জমি দখলের চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রুস্তম আলী, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রুস্তম আলী ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন নরসিংদীর চিনিশপুর গ্রামের জেলখানা মোড় এলাকার বাসিন্দা। মহাসড়কসংলগ্ন হওয়ায় তাঁর জমির দামও বেশি। এই জমি ছাড়া তাঁর ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই। কয়েক বছর আগে তাঁর বাড়ির পাশে প্রায় ২৫ শতক জমি কেনেন সিরাজুল। সিরাজুলের ওই জমিকে চতুর্ভুজ আকারের করতে পাশের সাড়ে পাঁচ শতক জমির প্রয়োজন পড়ে। পাশের ওই জমির দাবিদার ও দখলদার রুস্তম। কিন্তু ওই জমি নিয়ে যুগ্ম জেলা জজ আদালতে সাড়ে চার বছর ধরে রুস্তম ও তাঁর চাচাতো ভাই আজাদের মধ্যে একটি মামলা চলছে। এরই মধ্যে সিরাজুল দেড় বছর আগে আজাদের কাছ থেকে জমিটি কেনেন। কিন্তু আদালতের রায় না হওয়ায় রুস্তম জমির দখল দেননি। এ বিষয়ে সিরাজুল সমঝোতার প্রস্তাব দিলে তিনি অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন সিরাজুল।

রুস্তম অভিযোগ করেন, ওই ঘটনার জের ধরে শুক্রবার বেলা তিনটার দিকে ভূঁইয়া সোহেল, ফেরদৌস মিয়া, মাফিয়া কামরুল, জুয়েল মিয়া, জাহাঙ্গীর আলম, সেলিমসহ অজ্ঞাতনামা ১৫-২০ জন রুস্তমের জমি দখলের চেষ্টা চালান। এ সময় ভূঁইয়া সোহেল ও জুয়েল ১০টি গুলি ছোড়েন। অন্যরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় রুস্তমের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রুস্তম আলী বলেন, ‘মামলা চলাকালে কোনো জমি বেচাকেনা করা যায় না। সেখানে সিরাজুল কীভাবে জমি কিনেছেন, তা আমার জানা নেই।’

রুস্তম আলী আরও বলেন, ‘ভাড়া করা সন্ত্রাসী দিয়ে আমার জমি দখলের চেষ্টা চলছিল। তাঁরা আমাদের লক্ষ্য করে কমপক্ষে ১০টি গুলি করে। তবে কারও শরীরে গুলি লাগে নাই।’

বিষয়টি অস্বীকার করে সিরাজুল বলেন, ‘আমি রুস্তমের চাচাতো ভাই আজাদের কাছ থেকে জমি কিনেছি। তাঁকে দখল বুঝিয়ে দেওয়ার জন্য বলেছি। তিনি দখল নিতে গিয়ে কী করেছেন, সেটা তো আর আমার দেখার বিষয় নয়।’ নরসিংদী সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে রুস্তম ছয়জনের নাম উল্লেখ করে ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন।