যুবলীগ নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রুবেল সিকদারের বিরুদ্ধে নতুন বিদ্যুৎ–সংযোগ দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রেসক্লাবে বেশ কয়েকজন বিদ্যুৎ গ্রাহক এ অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে উপজেলার চতুল ইউনিয়নের বাইখির গ্রামের অর্ধশতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।

প্রতারিত গ্রাহকদের পক্ষে লিখিত অভিযোগ পড়ে শোনান বাইখির গ্রামের মো. লাল মিয়া (৪৩)। বক্তব্যে বলা হয়, ২০১৮ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রকল্প গ্রহণ করেছেন। এ সুযোগে বাইখির বনচাকী গ্রামের বাসিন্দা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রুবেল সিকদার বিদ্যুৎ–সংযোগ এনে দেওয়ার কথা বলেন। এ কারণে বিভিন্ন কার্যালয়ে যাতায়াতের খরচ বাবদ প্রত্যেক গ্রাহকের কাছ থেকে ২০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন তিনি। পরে বিদ্যুৎ –সংযোগ প্রকল্পের টেন্ডার হলে গত এক মাস আগে মিটার এনে দেওয়ার কথা বলে গ্রাহকভেদে ৫ থেকে ১০ হাজার টাকা করে দাবি করেন। টাকা না দিলে বিদ্যুতের খুঁটি আসবে না বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিদ্যুৎ গ্রাহক জলিল শেখের স্ত্রী রেহেনা বেগম অভিযোগ করে বলেন, রুবেল সিকদার তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করেছিলেন।

উপজেলা যুবলীগের আহ্বায়ক ও চতুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরিফ সেলিমুজ্জামান বলেন, ‘রুবেল গ্রাহকদের কাছে টাকা পয়সা চেয়েছিলেন বলে শুনেছি। এ কারণে রুবেলকে নিয়ে ওই এলাকায় দ্বন্দ্ব চলে আসছিল।’

তবে অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা রুবেল সিকদার বলেন, তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। সেগুলো মিথ্যা। ‘তিনি কারও কাছ থেকে টাকাপয়সা নেননি বা চাননি’ দাবি করে রুবেল বলেন, এলাকায় একটি মারামারির ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে মামলা করেছেন। মামলার আসামিরাই তাঁর বিরুদ্ধে এ অপপ্রচার চালাচ্ছেন।